রণক্ষেত্র আরব সাগর! আমেরিকার পাশে পরমাণু সাবমেরিন নিয়ে নামল ব্রিটেন

নিউজ ডেস্ক
ইরান ও আমেরিকার রক্তক্ষয়ী যুদ্ধ গড়াল ২১ দিনে। ট্রাম্পের চার সপ্তাহের আলটিমেটাম পার হওয়ার আগেই পরিস্থিতি চরম উত্তপ্ত। ইজরায়েল ও আমেরিকার সাঁড়াশি আক্রমণের মুখেও মাথা নোয়াতে নারাজ ইরান। উল্টো হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে বিশ্ব অর্থনীতিতে ধস নামানোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান।
এই উত্তেজনার মাঝেই এবার সরাসরি যুদ্ধে জড়ানোর ইঙ্গিত দিল ব্রিটেন। আরব সাগরে পরমাণু শক্তিচালিত ঘাতক সাবমেরিন ‘এইচএমএস অ্যানসন’ মোতায়েন করেছে রয়্যাল নেভি। টমাহক ব্লক-৪ ক্রুজ মিসাইল সমৃদ্ধ এই সাবমেরিন কয়েকশো মাইল দূরের লক্ষ্যবস্তু মুহূর্তেই গুঁড়িয়ে দিতে সক্ষম। শুধু তাই নয়, ইরানের ওপর হামলা চালাতে ব্রিটেন ইতিমধ্যে তাদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে আমেরিকাকে।
পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরানও। তেহরানের সাফ কথা, যদি তাদের শক্তি প্রকল্পে কোনো আঘাত হানা হয়, তবে মধ্যপ্রাচ্যে থাকা সমস্ত আমেরিকান ও সহযোগী দেশের কো ম্পা নিগুলো ধুলোয় মিশিয়ে দেওয়া হবে। ৪৮ ঘণ্টার চরম হুঁশিয়ারি আর পাল্টাপাল্টি ড্রোনের গর্জনে এখন কাঁপছে আরব সাগর। ব্রিটেন কি তবে সরাসরি আমেরিকার হয়ে ইরানের ওপর মিসাইল বৃষ্টি শুরু করবে? এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বিশ্ব রাজনীতিতে।