রণক্ষেত্র ইজরায়েলে কেমন আছেন উত্তরপ্রদেশের হাজার হাজার শ্রমিক? যোগী সরকারের বড় আপডেট

মধ্যপ্রাচ্যের অগ্নিগর্ভ পরিস্থিতিতে ইজরায়েলে কর্মরত ভারতীয় শ্রমিকদের নিরাপত্তা নিয়ে দানা বাঁধছিল গভীর উদ্বেগ। বিশেষ করে উত্তরপ্রদেশ থেকে যাওয়া কয়েক হাজার শ্রমিকের পরিবার প্রহর গুনছিল দুশ্চিন্তায়। এই উত্তাল আবহে এবার বড়সড় স্বস্তির খবর শোনাল যোগী আদিত্যনাথ সরকার। উত্তরপ্রদেশের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী অনিল রাজভর স্পষ্ট জানিয়েছেন যে, ইজরায়েলে থাকা রাজ্যের সমস্ত শ্রমিক বর্তমানে সম্পূর্ণ নিরাপদ এবং সরকার ২৪ ঘণ্টা তাঁদের পরিস্থিতির ওপর নজর রাখছে।
৬০০৪ শ্রমিকের ভাগ্য নিয়ে মুখ খুলল প্রশাসন
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন (NSDC) এবং ইজরায়েলি সংস্থা ‘পিবা’-র মাধ্যমে উত্তরপ্রদেশ থেকে মোট ৬,০০৪ জন নির্মাণ শ্রমিক ইজরায়েলে গিয়েছেন। যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যেও এই শ্রমিকরা বিভিন্ন নির্মাণ প্রকল্পে নিয়মিত কাজ চালিয়ে যাচ্ছেন। মন্ত্রী অনিল রাজভর আশ্বাস দিয়েছেন যে, শ্রমিকদের সুরক্ষায় কোনো খামতি রাখা হচ্ছে না।
তেল আভিভে ভারতীয় দূতাবাসের কড়া নজর
পশ্চিম এশিয়ার বর্তমান ভূ-রাজনৈতিক অস্থিরতার কথা মাথায় রেখে তেল আভিভে অবস্থিত ভারতীয় দূতাবাস ইতিপূর্বেই বিশেষ সতর্কতা জারি করেছে। সেখানে বসবাসকারী ভারতীয়দের স্থানীয় প্রশাসনের নির্দেশিকা মেনে চলার এবং অকারণে যাতায়াত এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশ সরকারের উচ্চপদস্থ আধিকারিকরা সরাসরি যোগাযোগ রাখছেন ইজরায়েলে ভারতের রাষ্ট্রদূত জে.পি. সিং-এর সঙ্গে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে দাবি রাষ্ট্রদূতের
শ্রম ও কর্মসংস্থান দপ্তরের প্রধান সচিব ড. এম. কে. শন্মুগা সুন্দরম ইজরায়েলে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে ফোনে দীর্ঘক্ষণ কথা বলেছেন। রাষ্ট্রদূত বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে রাজ্য সরকারকে আশ্বস্ত করেছেন। উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে যে, তারা প্রতিনিয়ত শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এনএসডিসি এবং দূতাবাসের সঙ্গে সমন্বয় বজায় রাখছে। এই বার্তার পর উত্তরপ্রদেশে থাকা শ্রমিক পরিবারগুলোর দীর্ঘদিনের উৎকণ্ঠায় কিছুটা হলেও প্রলেপ পড়েছে।