রণবীর সিংয়ের ‘ধুরন্ধর ২’ কি শুধুই হোয়াটসঅ্যাপ ফরোয়ার্ড? ধ্রুব রাঠির তোপে রণবীর ও আদিত্য ধর

আদিত্য ধর পরিচালিত পিরিয়ড স্পাই থ্রিলার ‘ধুরন্ধর ২’ বিশ্বজুড়ে ১০০০ কোটির ক্লাবে প্রবেশ করলেও দানা বেঁধেছে তীব্র বিতর্ক। সম্প্রতি রাজনৈতিক বিশ্লেষক ও ইউটিউবার ধ্রুব রাঠি এই ছবিটিকে ‘বুদ্ধিহীন কন্টেন্ট’ বলে কটাক্ষ করেছেন। তাঁর দাবি, ছবির শুরুতে ‘বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত’ লেখার পরিবর্তে ‘হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ড থেকে অনুপ্রাণিত’ লেখা উচিত ছিল। বিশেষ করে নোটবন্দির মতো বিষয়কে ছবিতে যেভাবে উপস্থাপন করা হয়েছে, ধ্রুব তাকে সাধারণ মানুষের কষ্টের প্রতি উপহাস বলে অভিহিত করেছেন।
ধ্রুব রাঠি তাঁর ভিডিওতে আরবিআই-এর তথ্য উল্লেখ করে দেখিয়েছেন যে, বাস্তবে নোটবন্দির সময় এটিএম-এর লাইনে দাঁড়িয়ে বহু মানুষের মৃত্যু হয়েছিল, যা ছবিতে এড়িয়ে যাওয়া হয়েছে। এ বিষয়ে তিনি সরাসরি নির্বাচন কমিশন ও সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ দাবি করেছেন। তাঁর মতে, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে দেশবিরোধী দেখিয়ে সত্য-মিথ্যার মিশ্রণে ছবি বানানো ভবিষ্যতে বিপজ্জনক নজির তৈরি করতে পারে। রণবীর সিং, অক্ষয় খান্না ও সঞ্জয় দত্ত অভিনীত এই ছবিতে করাচি আন্ডারওয়ার্ল্ডের উত্থানের গল্প তুলে ধরা হয়েছে।
বিতর্ক ছাপিয়ে বিনোদনের গণ্ডি পেরিয়ে ছবিটি এখন পৌঁছে গেছে পরীক্ষার খাতাতেও। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি কমার্স পরীক্ষার প্রশ্নপত্রে দেখা গেছে, শিক্ষক তাঁর ছাত্রদের লাভ-ক্ষতির অংশীদারিত্ব বোঝাতে ছবির বিভিন্ন চরিত্র ও প্রেক্ষাপট ব্যবহার করেছেন। জামিল জামালি বা এসপি চৌধুরী আসলামের মতো নামগুলো প্রশ্নপত্রে দেখে শিক্ষার্থীরা যেমন অবাক হয়েছেন, তেমনই নেটিজেনদের মধ্যেও বিষয়টি নিয়ে ব্যাপক কৌতূহল ও হাস্যরসের সৃষ্টি হয়েছে। বিনোদন থেকে শিক্ষা—সর্বত্রই এখন চর্চায় ‘ধুরন্ধর ২’।