‘রথে চেপে আসা বিজেপি উল্টোরথে বিদায় নেবে’, রায়নার সভা থেকে তোপ অভিষেকের

পূর্ব বর্ধমানের রায়নার জনসভা থেকে বিজেপি ও বামেদের তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গেরুয়া শিবিরের ‘পরিবর্তন যাত্রা’কে কটাক্ষ করে তিনি বলেন, বিজেপি রথে চেপে এলেও বাংলার মানুষ তাদের উল্টোরথে বিদায় দেবে। বহিরাগত তকমা দিয়ে তিনি দাবি করেন, ভোটের পর দিল্লির নেতাদের আর দেখা যাবে না।
নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে অভিষেক জানান, চতুর্থবার তৃণমূল সরকার ক্ষমতায় এলে রায়নায় হিমঘর ও দমকল কেন্দ্র তৈরির দাবি অগ্রাধিকারের ভিত্তিতে পূরণ করা হবে। ধর্মের রাজনীতির বদলে উন্নয়নের নিরিখে লড়াইয়ের চ্যালেঞ্জ জানিয়ে তিনি গত ১২ বছরে কেন্দ্রীয় সরকারের কাজের খতিয়ান বা ‘রিপোর্ট কার্ড’ পেশ করার দাবি তোলেন।
বাঙালি আবেগ ও সংস্কৃতি অবমাননার অভিযোগ তুলে অভিষেক বলেন, বিজেপি মানুষের অধিকার কেড়ে নিতে চায়। সিপিএম ও বিজেপিকে একই বন্ধনীতে রেখে তিনি হুঁশিয়ারি দেন, বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে বাম আমলের ‘হার্মাদ’ রাজ ফিরিয়ে আনা। বাংলার সম্প্রীতি ও ধর্মনিরপেক্ষতার কাছে বিভেদের রাজনীতি পরাজিত হবে বলেও তিনি আশাপ্রকাশ করেন।