রবিবার ছুটির আমেজে প্রচারের ময়দানে জমজমাট উলুবেড়িয়া ও উদয়নারায়ণপুর

ভোটের নির্ঘণ্ট প্রকাশের পর দ্বিতীয় রবিবারে প্রচারের ময়দানে কার্যত ঝড় তুললেন প্রার্থীরা। উলুবেড়িয়া, উদয়নারায়ণপুর, বাগনান ও আমতা জুড়ে চলল জোরদার জনসংযোগ। কোথাও প্রার্থীরা পায়ে হেঁটে বাড়ি বাড়ি ঘুরলেন, আবার কোথাও মন্দিরে পুজো দিয়ে শুরু করলেন প্রচার। রাজনৈতিক দলগুলির মতে, মনোনয়ন পর্ব মিটলে এই প্রচারের তেজ আরও বাড়বে।
তৃণমূল প্রার্থী ঋতব্রত বন্দ্যোপাধ্যায় উলুবেড়িয়া পুরসভার বিভিন্ন ওয়ার্ডে জনসংযোগ সারেন। অন্যদিকে, বাগনানের অরুণাভ সেন এবং আমতার সুকান্ত পালও কর্মিসভা ও প্রচার অভিযানে ব্যস্ত ছিলেন। বামফ্রন্টের তরফে পাঁচলার ফরিদ মোল্লা এবং শ্যামপুরের আমিরুল ইসলামের সমর্থনে মিছিল বের করা হয়। এছাড়া উদয়নারায়ণপুরে বিজেপি প্রার্থী প্রভাকর পণ্ডিত বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে মানুষের সমর্থন চান।
রবিবার সকাল থেকেই রাজনৈতিক কর্মসূচিতে সরগরম ছিল গ্রামীণ হাওড়ার বিস্তীর্ণ এলাকা। কোথাও পথসভা, কোথাও আবার ধর্মীয় শোভাযাত্রায় অংশ নিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করেন প্রার্থীরা। প্রখর রোোদ উপেক্ষা করেই দলীয় কর্মীদের নিয়ে গ্রাম থেকে গঞ্জ চষে ফেলছেন শাসক ও বিরোধী শিবিরের যুযুধান প্রার্থীরা।