রমজানে পাকিস্তানে অগ্নিমূল্য বাজার: আকাশছোঁয়া দামে নাজেহাল সাধারণ মানুষ

রমজানে পাকিস্তানে অগ্নিমূল্য বাজার: আকাশছোঁয়া দামে নাজেহাল সাধারণ মানুষ

রমজান মাস শুরু হতেই পাকিস্তানের করাচিতে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামে আগুন লেগেছে। প্রশাসন নির্দিষ্ট মূল্য তালিকা প্রকাশ করলেও খুচরো বিক্রেতারা তা মানছেন না বলে অভিযোগ উঠেছে। ডন-এর রিপোর্ট অনুযায়ী, সরকারি নজরদারির অভাবে বাজার নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন কার্যত ব্যর্থ। ফলে উৎসবের মরসুমে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে।

ফলের বাজারে দামের ব্যাপক বৃদ্ধি লক্ষ্য করা গেছে। ৩০০ টাকা ডজন দরে বিক্রি হচ্ছে কলা, যেখানে আপেল ও কমলার দাম ঠেকেছে কেজি প্রতি ৪০০-৫০০ টাকায়। এমনকি তরমুজ, পেয়ারা এবং সবেদার মতো ফলগুলিও নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে দাম বৃদ্ধির অজুহাতে বিক্রেতারা অতিরিক্ত অর্থ আদায় করছেন।

কেবল ফল নয়, আমিষ ও সবজির দামও আকাশচুম্বী। প্রতি কেজি মুরগির মাংস ৫৫০-৬০০ টাকায় বিক্রি হচ্ছে, যা সরকারি দরের চেয়ে অনেক বেশি। একইভাবে আলু ও পেঁয়াজের দামও সাধারণের নাগালের বাইরে চলে গেছে। এই চরম অর্থনৈতিক সংকটে প্রশাসনের নিষ্ক্রিয়তায় ক্ষোভ উগরে দিচ্ছেন বিপর্যস্ত পাক নাগরিকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *