রাক্ষুসে অজগরের রক্তে লুকিয়ে আছে স্থূলত্বের সমাধান? চমকে দিচ্ছে বিজ্ঞানীদের দাবি

বার্মিজ পাইথনের রক্তে স্থূলতা বা ওবেসিটি দূর করার বিশেষ উপাদানের সন্ধান পেয়েছেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। ‘নেচার মেটাবলিজম’ জার্নালে প্রকাশিত এই গবেষণায় দাবি করা হয়েছে, বিশালাকার শিকার গিলে ফেলার পর অজগরের শরীরে বিপাক হার কয়েকশো গুণ বেড়ে যায়। এই প্রক্রিয়ায় সাপের অন্ত্রে থাকা উপকারী ব্যাকটেরিয়া ‘পিটিওএস’ (PTOS) নামক একটি বিশেষ অণু তৈরি করে, যা দ্রুত মেদ ঝরাতে এবং হৃদযন্ত্রকে সুস্থ রাখতে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে।
গবেষক জোনাথন লং জানিয়েছেন, অজগরের রক্তে থাকা এই উপাদানটি মূলত অ্যামাইনো অ্যাসিড ভেঙে তৈরি হয়। এটি কেবল হজমপ্রক্রিয়া ত্বরান্বিত করে না, বরং দীর্ঘ সময় পেট ভরা রাখার সংকেত মস্তিষ্কে পাঠিয়ে ক্ষুধার বোধ কমিয়ে দেয়। গবেষণাগারে ইঁদুরের ওপর এই উপাদানের প্রয়োগে দেখা গেছে, মাত্র ২৮ দিনে তাদের শরীরের ওজন প্রায় ৯ শতাংশ হ্রাস পেয়েছে। বিজ্ঞানীরা মনে করছেন, এই আবিষ্কার ভবিষ্যতে মানুষের ওজন কমানোর পদ্ধতিতে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে।
বিশালাকার বার্মিজ পাইথন দীর্ঘ সময় না খেয়ে থাকার পর নিজের ওজনের চেয়েও বড় শিকার অনায়াসে হজম করে ফেলে। এই প্রাকৃতিক ক্ষমতার রহস্য উদঘাটন করতেই গবেষকরা তাদের রক্ত নিয়ে কাজ শুরু করেন। তবে এই পদ্ধতি মানুষের ক্ষেত্রে কতটা নিরাপদ বা কার্যকর হবে, তা নিয়ে এখনও বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা চলছে। বর্তমানে গবেষণার স্তরে থাকলেও, কৃত্রিমভাবে এই উপাদান ব্যবহার করে খেয়েদেয়েও রোগা থাকার স্বপ্ন পূরণ হওয়া এখন সময়ের অপেক্ষা মাত্র।