রাঘব চাড্ডার পরবর্তী পদক্ষেপ কী? ইঙ্গিতপূর্ণ সোশ্যাল মিডিয়া পোস্টে তুঙ্গে জল্পনা

রাঘব চাড্ডার পরবর্তী পদক্ষেপ কী? ইঙ্গিতপূর্ণ সোশ্যাল মিডিয়া পোস্টে তুঙ্গে জল্পনা

আম আদমি পার্টির অন্দরে কোণঠাসা হওয়া রাজ্যসভা সাংসদ রাঘব চাড্ডার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে এখন সরগরম জাতীয় রাজনীতি। সম্প্রতি আপ নেতৃত্ব তাঁকে রাজ্যসভার উপনেতা পদ থেকে সরিয়ে অশোক কুমার মিত্তালকে সেই দায়িত্ব দিয়েছে। দলের সঙ্গে ক্রমবর্ধমান এই দূরত্বের মাঝেই রাঘবের একটি সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে নতুন জল্পনা শুরু হয়েছে। একটি ভাইরাল রিল শেয়ার করে তিনি নিজের নতুন দল গড়ার সম্ভাবনার দিকে পরোক্ষ ইঙ্গিত দিয়েছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

শেয়ার করা ওই ভিডিওতে একজন কন্টেন্ট ক্রিয়েটর পরামর্শ দিয়েছেন যে, রাঘব চাড্ডার উচিত নিজের স্বতন্ত্র রাজনৈতিক দল গঠন করা, যা তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় হবে। রাঘব সেই ভিডিওর ক্যাপশনে ‘আকর্ষণীয় চিন্তা’ লিখে জল্পনা আরও উসকে দিয়েছেন। এর পাশাপাশি ‘৪৮ লজ অফ পাওয়ার’ বইটি পড়ার ছবি পোস্ট করে তিনি লিখেছেন, “কিছু বই সঠিক সময়েই আসে।” রাজনৈতিক মহলের মতে, দলের ওপর ক্ষোভ থেকেই তিনি এই ধরনের প্রতীকী বার্তা দিচ্ছেন।

উল্লেখ্য, দলের নির্দেশে বর্তমানে সংসদে কথা বলার সুযোগও হারাচ্ছেন রাঘব। আপ নেতা সৌরভ ভরদ্বাজ ও অতিশীর দাবি, গুরুত্বপূর্ণ ইস্যুতে সই না করা এবং সংসদের সময় নষ্ট করার কারণেই তাঁর বিরুদ্ধে এই ব্যবস্থা। এমনকি অরবিন্দ কেজ্রিওয়ালের গ্রেফতারির সময় তাঁর অনুপস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছে দল। এই পরিস্থিতিতে নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে রাঘব চাড্ডা সত্যিই নতুন কোনো পথে হাঁটেন কি না, এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *