রাজগঞ্জে স্বপ্নার জয়ে দমকল কেন্দ্র ও হিমঘরের প্রতিশ্রুতি অভিষেকের

তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মনকে ৪০ হাজার ভোটে জয়ী করার আহ্বান জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার আমবাড়ির নির্বাচনি জনসভায় তিনি প্রতিশ্রুতি দেন, চতুর্থবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় এলে ছয় মাসের মধ্যে রাজগঞ্জে দমকল কেন্দ্র ও নতুন হিমঘর স্থাপন করা হবে। বিদায়ী বিধায়ক খগেশ্বর রায়ের আসাম্পূর্ণ কাজগুলো স্বপ্না পূরণ করবেন এবং খগেশ্বরবাবু অভিভাবক হিসেবে সেই উন্নয়নমূলক কাজের দেখভাল করবেন বলে তিনি জানান।
রেলের এনওসি নিয়ে আইনি জটিলতার প্রসঙ্গ তুলে অভিষেক দাবি করেন, স্বপ্নার মনোনয়ন রুখতে চক্রান্ত করা হয়েছিল। তবে বিপুল নারীশক্তির উপস্থিতি প্রমাণ করে যে রাজগঞ্জে তৃণমূলের জয় এখন সময়ের অপেক্ষা। অন্যদিকে, এশিয়াডে সোনাজয়ী স্বপ্না বর্মন লড়াইয়ের প্রত্যয় ব্যক্ত করে বলেন, খেলার মাঠের মতো রাজনীতির ময়দানেও তিনি পিছিয়ে যাবেন না। তিনি নেতা নয়, বরং এলাকার মেয়ে হিসেবে মানুষের পাশে থাকতে চান।
বক্তব্যের শুরুতে অভিষেক গত কয়েক বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন। তিনি জানান, রাজগঞ্জে সার্কিট বেঞ্চের স্থায়ী ভবন, মেডিকেল কলেজ, পলিটেকনিক কলেজ এবং একাধিক সেতু নির্মাণ করা হয়েছে। এছাড়া লক্ষ্মীর ভাণ্ডার, কৃষকবন্ধু ও রূপশ্রীর মতো সামাজিক প্রকল্পের সুবিধাও পৌঁছে দেওয়া হয়েছে ঘরে ঘরে। আগামী তিন মাসের মধ্যে ক্যানাল মোড়ে ঝুলন্ত সেতুর কাজ শেষ হবে বলেও তিনি জনসভায় ঘোষণা করেন।