ছেলেকে রাজনীতিতে আনলেন নীতীশ! মোদীর ‘পরিবারবাদ’ অস্ত্র কি এবার উল্টে যেতে চলেছে?

বিহারের রাজনীতিতে দীর্ঘদিনের ‘পরিবারবাদ’ বিরোধী অবস্থান থেকে সরে এসে পুত্র নিশান্তকে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে আনলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। শনিবার জনতা দল ইউনাইটেডের সদস্যপদ গ্রহণের পাশাপাশি তাঁকে উপ-মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত নিয়েছে দল। নীতীশ কুমার রাজ্যসভায় গেলে তাঁর শূন্য আসনে নিশান্তকে প্রার্থী করার পরিকল্পনাও চূড়ান্ত হয়েছে। এতদিন লালু প্রসাদ যাদবের পরিবারতন্ত্রের কড়া সমালোচক নীতীশের এই ভোলবদল বিহারের রাজনীতিতে নতুন জল্পনার জন্ম দিয়েছে।
জেডিইউ নেতৃত্বের দাবি, নীতীশ ব্যক্তিগতভাবে অনিচ্ছুক থাকলেও অতি-পশ্চাদপদ (ইবিসি) ভোটব্যাঙ্ক অটুট রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের মতে, নীতীশের তৈরি করা বিশাল জনভিত্তি ধরে রাখতে তাঁর উপযুক্ত উত্তরসূরি হিসেবে নিশান্তের উপস্থিতি প্রয়োজন। তবে দলের এই ‘উলটপুরাণ’ নিয়ে আরজেডি-সহ বিরোধী শিবির যেমন সরব হয়েছে, তেমনি জেডিইউ-র অন্দরেও তৈরি হয়েছে চাপা ক্ষোভ। কারণ, পরিবারতন্ত্রের দোহাই দিয়ে অতীতে বহু নেতার সন্তানদের টিকিট দেননি মুখ্যমন্ত্রী।
নীতীশের এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এতদিন যে নীতীশ কুমারকে মোদী ‘পরিবারবাদ বিরোধী’ আদর্শ হিসেবে তুলে ধরতেন, তাঁর এই পদক্ষেপে বিজেপির প্রধান রাজনৈতিক অস্ত্রটি ভোঁতা হওয়ার উপক্রম হয়েছে। পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর মতো আসন্ন নির্বাচনের রাজ্যগুলোতে পরিবারতন্ত্রকে ইস্যু করার যে পরিকল্পনা বিজেপির ছিল, নীতীশের এই ডিগবাজিতে সেই রণকৌশল বড়সড় ধাক্কা খেল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।