রাজারহাটে প্রচার ঘিরে রণক্ষেত্র তৃণমূল কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

রাজারহাট নিউটাউনের নারায়ণপুরে রাজনৈতিক প্রচারকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ালো। অভিযোগ, শুক্রবার মণিখোলা এলাকায় বিজেপির কর্মসূচি চলাকালীন ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। তৃণমূলের দাবি, বিজেপি প্রার্থী পীযূষ কানোরিয়ার নেতৃত্বে গেরুয়া শিবিরের কর্মীরা এক তৃণমূল সমর্থককে বেধড়ক মারধর করে মাথা ফাটিয়ে দিয়েছে। গুরুত্বর জখম ওই যুবক বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
এই ঘটনার প্রতিবাদে নারায়ণপুর থানার সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায় ও তাঁর অনুগামীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই হামলা চালানো হয়েছে। অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবিতে সোচ্চার হন স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও আক্রান্ত যুবকের সহকর্মীরা।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাসে পরবর্তীতে অবরোধ তুলে নেওয়া হয়। তাপস চট্টোপাধ্যায় শান্তি বজায় রাখার আবেদন জানালেও হুঁশিয়ারি দিয়েছেন যে, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার না করা হলে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলা হবে। বর্তমানে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি টহলদারি বাড়ানো হয়েছে।