রাজ্যজুড়ে আজ SSC গ্রুপ ডি নিয়োগ পরীক্ষা, পরীক্ষার্থীদের জন্য একগুচ্ছ কড়া নিয়মাবলি

পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের (SSC) গ্রুপ সি পরীক্ষার সাফল্যের পর আজ, রবিবার রাজ্যজুড়ে ৫,৪৮৮টি শূন্যপদে গ্রুপ ডি নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রায় ১৭০০টি কেন্দ্রে ৮ লক্ষ ৯ হাজারেরও বেশি পরীক্ষার্থী এই পরীক্ষায় বসছেন। দীর্ঘ প্রতীক্ষিত এই নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে রাজ্যজুড়ে কড়া প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সকাল ১০টা থেকে পরীক্ষার্থীদের রিপোর্টিং শুরু হয়েছে এবং বেলা ১১:৪৫ মিনিটে পরীক্ষা কেন্দ্রের প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হবে।
দুপুর ১২টা থেকে ১টা ২০ মিনিট পর্যন্ত নির্ধারিত এই পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে বিশেষ নির্দেশিকা জারি করেছে কমিশন। পরীক্ষাকেন্দ্রে বুট বা ঢাকা জুতো পরে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে; পরীক্ষার্থীদের শুধুমাত্র চপ্পল বা হাওয়াই চটি পরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ধাঁচেই বহিরাগত পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে কেন্দ্রগুলিতে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে।
বিপুল সংখ্যক পরীক্ষার্থীর উপস্থিতির কারণে বিভিন্ন কেন্দ্রে ভিড় সামলাতে পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে। পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের অনেক আগে কেন্দ্রে পৌঁছানোর পরামর্শ দেওয়া হয়েছে যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই বৃহৎ নিয়োগ পরীক্ষা সম্পন্ন করাকে রাজ্য প্রশাসনের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে যে, পূর্ববর্তী গ্রুপ সি পরীক্ষার মতো আজকেও শান্তিপূর্ণভাবে পরীক্ষা প্রক্রিয়া সম্পন্ন হবে।