রাজ্যজুড়ে আবহাওয়ার ভোলবদল, রবিবার থেকেই দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সতর্কতা

মার্চের ভ্যাপসা গরমে নাভিশ্বাস ওঠার মাঝেই স্বস্তির বার্তা দিল আবহাওয়া দফতর। রবিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন আকাশ আংশিক মেঘলা থাকবে এবং কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বাতাসে আর্দ্রতার পরিমাণ ৭১ থেকে ৯৪ শতাংশের মধ্যে থাকায় বৃষ্টির আগে পর্যন্ত অস্বস্তি বজায় থাকবে।
দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া এবং দুই বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। এই জেলাগুলিতে ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামী দুই দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা সামান্য বাড়লেও, পরবর্তী দুই দিনে বৃষ্টির প্রভাবে পারদ কিছুটা নামতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সপ্তাহের মধ্যভাগে বৃষ্টির দাপট বাড়লে গরম থেকে সাময়িক মুক্তি মিলবে। তবে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে ঝড়ো বাতাসের সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা থাকায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যের কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও রবিবার থেকে এর বিস্তার আরও বাড়বে।