রাজ্যপালের কাছে নালিশের ঝুলি শুভেন্দুর, বিধানসভায় কণ্ঠরোধের অভিযোগ

রাজ্যপালের কাছে নালিশের ঝুলি শুভেন্দুর, বিধানসভায় কণ্ঠরোধের অভিযোগ

বাংলার নতুন রাজ্যপাল আরএন রবির সঙ্গে শুক্রবার লোকভবনে সৌজন্যমূলক সাক্ষাৎ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার দিল্লিতে ভোট সংক্রান্ত জরুরি বৈঠকে ব্যস্ত থাকায় তিনি শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। এদিন সাক্ষাতের শুরুতে রাজ্যপালকে পুষ্পস্তবক ও গীতা উপহার দিয়ে শুভেচ্ছা জানান তিনি।

বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বিধানসভার বর্তমান পরিস্থিতি নিয়ে একরাশ ক্ষোভ উগরে দেন। তাঁর অভিযোগ, বিগত পাঁচ বছরে তাঁকে পাঁচবার সাসপেন্ড করা হয়েছে এবং গত সাড়ে ১১ মাস ধরে তিনি বিধানসভার বাইরে রয়েছেন। গুরুত্বপূর্ণ অধিবেশনে তাঁকে বলতে দেওয়া হচ্ছে না বলেও তিনি দাবি করেন।

রাজ্যপালের কাছে সংবিধান রক্ষার আবেদন জানিয়ে বিরোধী দলনেতা বলেন, রাজ্যের গণতান্ত্রিক স্তম্ভগুলো ভেঙে পড়েছে। স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তিনি সামগ্রিক পরিস্থিতি সবিস্তারে রাজ্যপালকে অবগত করেছেন। প্রায় আধঘণ্টার এই বৈঠকে রাজ্যের বর্তমান রাজনৈতিক ও সাংবিধানিক প্রেক্ষাপট নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *