রাজ্যে আজই প্রকাশিত হচ্ছে প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা

সোমবার সন্ধ্যায় রাজ্যে প্রকাশিত হতে চলেছে ‘স্পেশাল ইনভেস্টিগেশন রিপোর্ট’ (SIR)-এর প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা। গত ২৮ ফেব্রুয়ারির পর থেকে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম বিবেচনাধীন বা অ্যাডজুডিকেশন পর্যায়ে ছিল। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে প্রায় ৭০০ জন জুডিশিয়াল অফিসার এই যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন করছেন। আজ প্রায় ২৮ লক্ষ ভোটারের ভাগ্য নির্ধারণের সম্ভাবনা রয়েছে বলে কমিশন সূত্রে খবর।
নির্বাচন কমিশন জানিয়েছে, আপাতত এই তালিকা সরাসরি অনলাইনে আপলোড নাও করা হতে পারে। জেলা নির্বাচনী আধিকারিকদের মাধ্যমে প্রতিটি বুথে এই লিস্ট পাঠিয়ে দেওয়া হবে। সাধারণ ভোটাররা সংশ্লিষ্ট বুথে গিয়ে তালিকায় তাঁদের নাম রয়েছে কি না তা যাচাই করতে পারবেন। তবে পরবর্তীতে কমিশনের পোর্টালে এই ভোটার তালিকা ডিজিটাল ফরম্যাটে পাওয়ার সম্ভাবনা রয়েছে।
বিবেচনাধীন বাকি নামগুলোর নিষ্পত্তি প্রতিদিন প্রায় ২ লক্ষ হারে দ্রুত গতিতে করা হচ্ছে। কমিশন প্রতি সপ্তাহে একটি করে এমন সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পরিকল্পনা নিয়েছে। এদিকে তালিকা প্রকাশ ঘিরে মুর্শিদাবাদ, মালদা ও উত্তর দিনাজপুরের মতো জেলাগুলোতে উত্তেজনার আশঙ্কায় নবান্নের পক্ষ থেকে জেলাশাসকদের সতর্ক করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে শান্তি বজায় রাখার আবেদন জানানো হয়েছে।