রাজ্যে একধাক্কায় বাড়ছে ৪৬৬০টি বুথ, ভোটারদের সুবিধার্থে বড় ঘোষণা নির্বাচন কমিশনের

রাজ্যে একধাক্কায় বাড়ছে ৪৬৬০টি বুথ, ভোটারদের সুবিধার্থে বড় ঘোষণা নির্বাচন কমিশনের

পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ভোটদান প্রক্রিয়া আরও সহজতর করতে বড়সড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। রাজ্যজুড়ে ৪৬৬০টি অতিরিক্ত বুথ তৈরির অনুমতি দিয়েছে দিল্লির নির্বাচন সদন। শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দপ্তরে এই সংক্রান্ত নির্দেশিকা এসে পৌঁছেছে। বর্তমানে রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনে মোট বুথের সংখ্যা ৮০,৬৮১টি, যা নতুন বুথগুলি যুক্ত হওয়ার পর বেড়ে দাঁড়াবে ৮৫,৩৭৯টিতে। কমিশনের এই সিদ্ধান্তের ফলে ভোটারদের দীর্ঘ লাইনে দাঁড়ানোর ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, যে সমস্ত বুথে ভোটারের সংখ্যা ১২০০ ছাড়িয়ে গিয়েছে, মূলত সেই এলাকাগুলিতেই এই অতিরিক্ত সহায়ক বুথগুলি তৈরি করা হচ্ছে। এর পাশাপাশি ভোটারদের যাতায়াত ও অন্যান্য সুবিধার কথা মাথায় রেখে ৩২১টি বিদ্যমান বুথ অন্যত্র স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই স্থান পরিবর্তনের ক্ষেত্রে কড়া নির্দেশিকা জারি করেছে কমিশন। নিয়ম অনুযায়ী, প্রতিটি বুথের ঠিকানা পরিবর্তনের বিষয়টি সংশ্লিষ্ট এলাকার প্রত্যেক ভোটারকে ব্যক্তিগতভাবে জানাতে হবে। যাতে ভোটগ্রহণের দিন কোনো নাগরিককে বিভ্রান্তিতে পড়তে না হয়।

কমিশন আরও জানিয়েছে, নতুন বুথ গঠন এবং স্থানান্তরের প্রক্রিয়াটি রাজনৈতিক দলগুলোকেও লিখিতভাবে জানাতে হবে এবং এলাকায় ব্যাপক প্রচার চালাতে হবে। ২০২০ সালের নিয়মাবলী মেনেই এই পুরো পরিকাঠামো সাজানোর নির্দেশ দেওয়া হয়েছে। সুষ্ঠু ও অবাধ নির্বাচন সম্পন্ন করতে সিসিটিভি নজরদারি এবং ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা থাকবে। ভোটকেন্দ্রে মোবাইল প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিক শনিবার থেকেই জেলা সফর শুরু করে প্রস্তুতির চূড়ান্ত তদারকি করবেন। আগামী ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় রাজ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং ফল প্রকাশ হবে ৪ মে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *