রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় আজই প্রকাশিত হচ্ছে প্রথম দফার সংশোধিত ভোটার তালিকা

রাজ্যের প্রায় ৪০ হাজার বুথের জন্য প্রস্তুত করা ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ তালিকার প্রথম সাপ্লিমেন্টারি অংশটি আজ সোমবার প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, সোমবার সন্ধ্যা ৭টার পর এই তালিকা জনসমক্ষে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। এর আগে গত শুক্রবার এই তালিকা প্রকাশের কথা থাকলেও তা পিছিয়ে আজ নির্ধারণ করা হয়েছে। আগামী শুক্রবার দ্বিতীয় দফার তালিকা প্রকাশ হতে পারে বলে জানা গিয়েছে।

ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানে নিযুক্ত বিচারবিভাগীয় আধিকারিকরা প্রায় ২৭.২৩ লক্ষ মামলার নিষ্পত্তি করেছেন। গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত তালিকায় প্রায় ৬০ লক্ষ নাম ‘বিচারাধীন’ অবস্থায় ছিল। এই তালিকা প্রকাশকে কেন্দ্র করে রাজ্যে সম্ভাব্য ভিড় ও উত্তেজনা নিয়ন্ত্রণে প্রতিটি জেলার জেলাশাসক এবং পুলিশ প্রশাসনকে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কড়া নজরদারি চালানো হচ্ছে।

যাদের নাম এই প্রথম সাপ্লিমেন্টারি তালিকায় থাকবে না, তাঁরা ট্রাইব্যুনালে অনলাইন বা অফলাইনে আপিলের সুযোগ পাবেন। নির্বাচন কমিশনের সিইও মনোজ আগরওয়াল জানিয়েছেন, ইসি নেট পোর্টালের মাধ্যমে অথবা সংশ্লিষ্ট সরকারি দপ্তরে সরাসরি আবেদন করা যাবে। এর জন্য ১৯টি আপিল ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। আবেদনকারীদের আলাদা করে কোনো নতুন নথি বা আইনজীবীর প্রয়োজন হবে না; পূর্ববর্তী নথির ভিত্তিতেই দ্রুত পুনর্বিচার সম্পন্ন করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *