রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ: যেভাবে যাচাই করবেন তথ্য

সুপ্রিম কোর্টের নির্দেশে আজ, শনিবার রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করছে নির্বাচন কমিশন। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই তালিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। স্বচ্ছতা বজায় রাখতে অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমেই তালিকাটি দেখার সুযোগ রাখা হয়েছে। তালিকায় নামগুলি অনুমোদিত, বাতিল ও বিচারাধীন—এই তিন শ্রেণিতে বিভক্ত থাকবে।
অনলাইনে ভোটার তালিকা যাচাইয়ের জন্য কমিশনের মূল ওয়েবসাইট, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইট ও ইসি নেট অ্যাপ ব্যবহার করা যাবে। এছাড়া প্রতিটি জেলার নিজস্ব পোর্টালেও নাম বা এপিক নম্বর দিয়ে তথ্য অনুসন্ধান করা সম্ভব।
ডিজিটাল মাধ্যমের বাইরে নাগরিকদের সুবিধার্থে প্রতিটি বুথ স্তরের আধিকারিকের কাছে হার্ড কপি থাকবে। এছাড়া রাজনৈতিক দলগুলোকে তালিকার সফট কপি প্রদান করা হচ্ছে। কমিশনের দাবি, সম্পূর্ণ নিরপেক্ষ প্রক্রিয়ায় এই তালিকা প্রস্তুত করা হয়েছে।