রাজ্যে জ্বালানি সরবরাহ স্বাভাবিক, গুজবে কান না দেওয়ার আহ্বান বিপিসিএল-এর

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কার মাঝেই পশ্চিমবঙ্গবাসীকে আশ্বস্ত করল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (বিপিসিএল)। মঙ্গলবার সংস্থার পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, রাজ্যে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের জোগান সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবে স্থানীয় বাজারে কৃত্রিম সংকট বা কালোবাজারি রুখতে ইতিমধ্যে কড়া পদক্ষেপ নিয়েছে প্রশাসন।
বিপিসিএল-এর বিবৃতিতে জানানো হয়েছে, রাজ্যজুড়ে তাদের সরবরাহ নেটওয়ার্কে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে। প্রতিটি রিটেইল আউটলেট ও ডিস্ট্রিবিউটর পয়েন্টে পরিষেবা মসৃণ রাখতে সংস্থা দায়বদ্ধ। উৎসবের মরশুম বা সাধারণ সময়ে চাহিদার তুলনায় জোগানে কোনো ঘাটতি নেই। সরবরাহ শৃঙ্খল অটুট রাখতে প্রতিটি ধাপে কড়া নজরদারি চালানো হচ্ছে বলে জানিয়েছেন সংস্থার পদস্থ আধিকারিকরা।
গুজব ছড়িয়ে পড়ার ফলে সাধারণ মানুষের মধ্যে ‘প্যানিক বায়িং’ বা আতঙ্কিত হয়ে কেনাকাটার প্রবণতা দেখা দিচ্ছে, যা কৃত্রিম সংকট তৈরি করতে পারে। এই পরিস্থিতিতে গ্রাহকদের শান্ত ও সচেতন থাকার অনুরোধ জানিয়েছে এই মহারত্ন সংস্থাটি। পরিবেশবান্ধব শক্তির প্রসার ও নিরবচ্ছিন্ন পরিষেবা নিশ্চিত করে ২০৪০ সালের মধ্যে ‘নেট জিরো’ লক্ষ্যমাত্রা অর্জনে বিপিসিএল দৃঢ়প্রতিজ্ঞ।