রাজ্যে টানা চার দিন বৃষ্টির দাপট, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা

রাজ্যে টানা চার দিন বৃষ্টির দাপট, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা

বসন্তের আবহে বঙ্গে আবহাওয়ার মেজাজ বদল। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। শনিবার শহরতলিতে হালকা বৃষ্টির পর আজ থেকে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি।

আগামী সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ঝোড়ো হাওয়ার কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়াতেও ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও উপকূলীয় জেলাগুলোতে হালকা বৃষ্টি জারি থাকবে।

উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং-এ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সোম ও মঙ্গলবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়-বৃষ্টির সতর্কতা থাকছে। আলিপুরদুয়ার ও কোচবিহারেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আইএমডি-র তথ্য অনুযায়ী, উত্তরবঙ্গে আগামী প্রায় এক সপ্তাহ জুড়ে মাঝেমধ্যেই বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পরিস্থিতি বজায় থাকতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *