রাজ্যে ধেয়ে আসছে কালবৈশাখী, সপ্তাহান্তে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা

বসন্তের শুরুতেই রাজ্যে প্রাকৃতিক দুর্যোগের ভ্রুকুটি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার ও শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখীর প্রবল সম্ভাবনা রয়েছে। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়ার পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকেই আকাশ আংশিক মেঘলা থাকবে এবং পশ্চিমের জেলাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও বর্ধমান-সহ একাধিক জেলায় শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কলকাতায় ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। আবহাওয়া অফিসের মতে, শুক্রবার থেকে বৃষ্টির তীব্রতা বাড়বে, যা জনজীবনে প্রভাব ফেলতে পারে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। উত্তরের জেলাগুলোতেও ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। শনিবার কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হওয়ার পাশাপাশি পাহাড়ি এলাকায় শিলাবৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।