রাজ্যে ১৮ হাজার কোটি টাকারও বেশি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী

রাজ্যে ১৮ হাজার কোটি টাকারও বেশি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার ধর্মতলার জনসভা থেকে পশ্চিমবঙ্গবাসীকে বড় উপহার দিতে চলেছেন। এই সফরকালে তিনি ১৮ হাজার ৬৮০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক রেল, সড়ক এবং বন্দর উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এর মধ্যে বিশেষ গুরুত্ব পাচ্ছে ৪২০ কিলোমিটার দীর্ঘ জাতীয় সড়ক প্রকল্প এবং প্রায় ১৬,৯৯০ কোটি টাকা ব্যয়ের বিভিন্ন পরিকাঠামো উন্নয়ন। বীরভূমের দুবরাজপুরে যানজট কমাতে একটি নতুন বাইপাসেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।

রেল যোগাযোগ ব্যবস্থায় গতি আনতে প্রধানমন্ত্রী পুরুলিয়া-আনন্দ বিহার ট্রেনের শুভ সূচনা করবেন, যা দিল্লি ও উত্তরভারতের সঙ্গে সংযোগ আরও সুদৃঢ় করবে। পাশাপাশি, ‘অমৃত ভারত স্টেশন প্রকল্প’-এর অধীনে নবসজ্জিত কামাখ্যাগুড়ি, আনারা, তমলুক, হলদিয়া, বারাসাত ও সিউড়ি রেলওয়ে স্টেশনের উদ্বোধন করা হবে। খড়্গপুর-মোরগ্রাম অর্থনৈতিক করিডর নির্মাণের কাজ শুরু হলে যাতায়াতের সময় প্রায় ৭-৮ ঘণ্টা সাশ্রয় হবে বলে জানানো হয়েছে।

পরিবহন ব্যবস্থার পাশাপাশি জলপথ ও শিল্পোন্নয়নেও জোর দিচ্ছে কেন্দ্র। হলদিয়া বন্দরের ২ নম্বর বার্থের আধুনিকীকরণ ও যান্ত্রিকীকরণ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী। এর ফলে কার্গো হ্যান্ডলিং ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি পরিবেশবান্ধব উপায়ে দ্রুত পণ্য খালাস করা সম্ভব হবে। সামগ্রিকভাবে এই প্রকল্পগুলো রাজ্যে কর্মসংস্থান বৃদ্ধি এবং যাতায়াত ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *