রাজ্য আধিকারিকদের কড়া হুঁশিয়ারি মুখ্য নির্বাচন কমিশনারের, তুঙ্গে বিতর্ক

রাজ্য আধিকারিকদের কড়া হুঁশিয়ারি মুখ্য নির্বাচন কমিশনারের, তুঙ্গে বিতর্ক

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার কলকাতায় ২৪টি কেন্দ্রীয় ও রাজ্য সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে আয়োজিত এই বৈঠকে রাজ্যের পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের কড়া ভাষায় সতর্ক করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সূত্রের খবর, কর্তব্য পালনে গাফিলতি বা ইচ্ছাকৃত গরমিল ধরা পড়লে কঠোর আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বৈঠক চলাকালীন রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচনের প্রস্তুতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মুখ্য নির্বাচন কমিশনার। অভিযোগ উঠেছে, তিনি রাজ্যের উচ্চপদস্থ আধিকারিকদের উদ্দেশে চরম হুঁশিয়ারি দিয়ে জানান যে, নির্বাচনের পর কমিশন নিষ্ক্রিয় হয়ে যাবে—এমন ভাবা ভুল। এই সময় কোনো চ্যুতি ধরা পড়লে সংশ্লিষ্ট আধিকারিকদের এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে যেখান থেকে ফেরার পথ থাকবে না।

তৃণমূল প্রতিনিধিদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগের পর প্রশাসনিক আধিকারিকদের প্রতি এই কঠোর মনোভাব নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। উপস্থিত আধিকারিকদের একাংশের দাবি, অতীতে কোনো নির্বাচন কমিশনারের কাছ থেকে এমন আচরণ দেখা যায়নি। বৈঠক শেষে সব জেলার জেলাশাসকদের সঙ্গেও আলোচনায় বসেন কমিশনের প্রতিনিধিরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *