রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিনক্ষণ ঘোষণা, ১০ মার্চ থেকে শুরু আবেদন প্রক্রিয়া
.jpeg.webp?w=1200&resize=1200,675&ssl=1)
রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড (WBJEEB) ২০২৬ সালের ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করেছে। আগামী ২৪ মে অফলাইনে ওএমআর শিটের মাধ্যমে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভোট পর্ব মিটলেই ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মাসি ও আর্কিটেকচার স্নাতক স্তরে ভর্তির এই গুরুত্বপূর্ণ প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে বলে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।
পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ১০ মার্চ থেকে এবং অনলাইনে ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ৫ এপ্রিল। আবেদনপত্রে কোনো ভুল থাকলে তা সংশোধনের জন্য ৭ থেকে ৯ এপ্রিল পর্যন্ত সুযোগ পাবেন পরীক্ষার্থীরা। বোর্ড আরও জানিয়েছে যে, ১৫ এপ্রিল থেকে ২৪ এপ্রিল বিকেল ৪টে পর্যন্ত ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে।
আগামী ২৪ মে দুটি পর্বে পরীক্ষা গ্রহণ করা হবে। প্রথম পর্বে গণিত পরীক্ষা হবে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত। দ্বিতীয় পর্বে দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত পদার্থবিদ্যা ও রসায়ন পরীক্ষা নেওয়া হবে। মোট ২০০ নম্বরের এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিংয়ের ব্যবস্থা থাকছে বলে ‘ইনফরমেশন বুলেটিনে’ উল্লেখ করা হয়েছে।