রাজ্য মন্ত্রিসভার বড় সিদ্ধান্ত: এসআইআর পর্বে মৃতদের পরিবারে মিলবে সরকারি চাকরি

রাজ্য মন্ত্রিসভার বড় সিদ্ধান্ত: এসআইআর পর্বে মৃতদের পরিবারে মিলবে সরকারি চাকরি

নবান্নে আয়োজিত রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে আজ মানবিক সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর (SIR) প্রক্রিয়া চলাকালীন যে সমস্ত ব্যক্তি বা বিএলও সদস্য মানসিক চাপ ও আতঙ্কে প্রাণ হারিয়েছেন অথবা আত্মহত্যা করেছেন, তাঁদের পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়া হবে। প্রাথমিকভাবে ৬০ জনের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে, যাদের পরিবারের সদস্যকে হোমগার্ড পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

আগামী মার্চ মাসের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। মূলত দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া ও বীরভূমের মতো জেলাগুলোতে এই মৃত্যুর ঘটনা বেশি ঘটেছে। মন্ত্রিসভার এই সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোতে স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে। মৃতদের মধ্যে যারা অল্পবয়সী বা পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন, তাঁদের অগ্রাধিকারের ভিত্তিতে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

পাশাপাশি, রাজ্যের শিক্ষা ও কৃষি পরিকাঠামো উন্নয়নেও একগুচ্ছ ঘোষণা করেছেন সংশ্লিষ্ট মন্ত্রীরা। এশীয় উন্নয়ন ব্যাংকের সহায়তায় ২,৫০০ কোটি টাকার ‘স্কুল মান উন্নয়ন’ প্রকল্পে প্রতিটি ব্লকে মডেল স্কুল গড়া হবে। অন্যদিকে, আলু চাষিদের স্বার্থ রক্ষায় মার্চ মাস থেকে প্রতি কেজি ৯ টাকা ৫০ পয়সা দরে সরাসরি কৃষকদের থেকে আলু কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মন্ত্রিসভার এই বহুমুখী সিদ্ধান্তে গ্রামীণ অর্থনীতি ও কর্মসংস্থানে নতুন জোয়ার আসবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *