রাজ্য সফরে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, কালীঘাটে পূজা দিয়ে বৈঠক শুরু করতে পারেন জ্ঞানেশ কুমার

আজ, রবিবার সন্ধ্যায় রাজ্যে পা রাখছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে এই সফরে সোম ও মঙ্গলবার ঠাসা কর্মসূচি রয়েছে। বিশেষ সূত্রে খবর, কার্যসূচি শুরুর আগে তিনি কালীঘাট মন্দির ও বেলুড় মঠ দর্শনে যেতে পারেন। তবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, এটি তাঁর ব্যক্তিগত সফর হতে পারে।
দুই দিনের এই সফরে রাজনৈতিক দল, জেলাশাসক, পুলিশ সুপার এবং রাজ্য প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করবে কমিশন। এছাড়া বিএলও-দের সঙ্গেও আলোচনার কথা রয়েছে। মঙ্গলবার একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে সফরের নির্যাস তুলে ধরা হবে, যেখানে নির্বাচনের নির্ঘণ্ট নিয়ে কোনো গুরুত্বপূর্ণ ইঙ্গিত মেলে কি না, সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।
অন্যদিকে, রাজ্যে নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক পারদও চড়ছে। রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ কালো পোশাকে মহিলাদের নিয়ে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে কমিশনের প্রশাসনিক তৎপরতা এবং অন্যদিকে রাজনৈতিক দলগুলোর রাজপথের কর্মসূচি— সব মিলিয়ে বঙ্গে ভোটের দামামা স্পষ্টভাবে বেজে উঠেছে।