রান্নার গ্যাসের আকাল নিয়ে উত্তাল সংসদ, বিরোধীদের অভিযোগ ওড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী

দেশে রান্নার গ্যাসের তীব্র সংকটের অভিযোগে বৃহস্পতিবার সংসদ চত্বরে সরব হলেন কংগ্রেস ও তৃণমূলসহ বিরোধী দলের সাংসদরা। মকর দ্বারের সামনে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি তারা মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আলোচনার দাবি জানান। বিরোধী শিবিরের অভিযোগ, সরকার বাস্তব সমস্যা এড়িয়ে গিয়ে সমাধানের পথ খুঁজতে অনীহা দেখাচ্ছে।
পাল্টা জবাবে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি জানান, দেশে এলপিজি বা জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই। তিনি দাবি করেন, গত কয়েক দিনে গার্হস্থ্য এলপিজি উৎপাদন ২৮ শতাংশ বাড়ানো হয়েছে। বর্তমানে ৩৩ কোটি পরিবারের গ্যাস সরবরাহ সুরক্ষিত রাখতে সরকার রিফাইনারিগুলোকে পূর্ণ ক্ষমতায় কাজ করার নির্দেশ দিয়েছে।
মন্ত্রী আরও স্পষ্ট করেন যে, গ্যাস বুকিং থেকে ডেলিভারির গড় সময় আগের মতোই আড়াই দিন রয়েছে। কালোবাজারি রুখতে শহরাঞ্চলে বুকিংয়ের ক্ষেত্রে ২৫ দিনের ব্যবধান ও ডেলিভারি অথেন্টিকেশন কোড ব্যবস্থা চালু করা হয়েছে। মধ্যপ্রাচ্য সংকট সত্ত্বেও বিকল্প উৎস থেকে তেল আমদানি বাড়িয়ে জোগান স্বাভাবিক রাখা হয়েছে বলে তিনি আশ্বস্ত করেন।