রান্নার গ্যাসের কালোবাজারি রুখতে তৎপর কেন্দ্র, রাজ্যগুলিকে কড়া নির্দেশের পাশাপাশি সতর্কবার্তা

দেশে রান্নার গ্যাসের কৃত্রিম সংকট ও কালোবাজারি রুখতে রাজ্যগুলিকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। সম্প্রতি পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এবং ক্রেতা সুরক্ষা মন্ত্রকের উচ্চপর্যায়ের বৈঠকে পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্যের সিভিল সাপ্লাই ডিপার্টমেন্টকে সতর্ক করা হয়েছে। অতিরিক্ত সচিব সুজাতা শর্মা জানান, প্রতিদিন গড়ে ৫০-৫৫ লাখ সিলিন্ডার বুকিং হলেও বর্তমানে তা বেড়ে ৭৬ লাখে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে গ্রাহকদের ‘প্যানিক বায়িং’ বা আতঙ্কে অতিরিক্ত বুকিং না করার পরামর্শ দেওয়া হয়েছে।
গ্যাসের জোগান স্বাভাবিক রাখতে এবং জনমানসে বিভ্রান্তি দূর করতে তেল সংস্থাগুলির কল সেন্টারের সক্ষমতা বাড়ানো হয়েছে। উত্তরপ্রদেশ, কর্ণাটক ও মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলিতে ইতিমধ্যেই অবৈধ মজুতদারদের বিরুদ্ধে অভিযান চালিয়ে সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় একাধিক রাজ্যে কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং নিয়মিত প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জনগণকে সচেতন করা হচ্ছে। কেন্দ্র স্পষ্ট জানিয়েছে যে, দেশে পর্যাপ্ত গ্যাসের স্টক রয়েছে, তাই গুজবে কান দেওয়ার প্রয়োজন নেই।
কলকাতাতেও গ্যাসের কালোবাজারি রুখতে লালবাজারের পক্ষ থেকে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। শহরের প্রতিটি ডিভিশনের ডেপুটি কমিশনারদের এ বিষয়ে নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে যাতে সাধারণ মানুষ হয়রানির শিকার না হন। মহারাষ্ট্র, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের মতো রাজ্যগুলিও সরবরাহ ব্যবস্থা নিরবিচ্ছিন্ন রাখতে প্রশাসনের সঙ্গে সমন্বয় রক্ষা করে চলছে। কালোবাজারি ও মজুতদারির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।