রান্নার গ্যাস নিয়ে দুশ্চিন্তা শেষ, ৮ রাজ্যে অতিরিক্ত এলপিজি বরাদ্দের ঘোষণা কেন্দ্রের

পশ্চিম এশিয়ার অস্থির পরিস্থিতির জেরে দেশে যাতে জ্বালানি ও রান্নার গ্যাসের সংকট তৈরি না হয়, তার জন্য একগুচ্ছ সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে ভারত সরকার। পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যে দেশের আটটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে অতিরিক্ত এলপিজি (LPG) বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বর্তমান পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে এবং সাধারণ মানুষের সুবিধার্থে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
জ্বালানি নিরাপত্তার পাশাপাশি বাণিজ্যের ধারাবাহিকতা বজায় রাখতেও বিশেষ গুরুত্ব দিচ্ছে কেন্দ্র। গত পাঁচ দিনে ৫৫ হাজারেরও বেশি পিএনজি (PNG) সংযোগ প্রদান করা হয়েছে এবং গত কয়েক দিনে প্রায় ৪.৩ লক্ষের বেশি ছোট সিলিন্ডার বিক্রি হয়েছে। এছাড়াও প্লাস্টিক, টেক্সটাইল ও ফার্মাসিউটিক্যালসের মতো গুরুত্বপূর্ণ শিল্পগুলোকে স্বস্তি দিতে নির্দিষ্ট কিছু পেট্রোকেমিক্যাল পণ্যের ওপর থেকে সম্পূর্ণ সীমা শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে উৎপাদন খরচ কমবে এবং সংশ্লিষ্ট শিল্পগুলো লাভবান হবে।
বিদেশে আটকে পড়া ভারতীয় নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতেও সক্রিয় ভূমিকা পালন করছে বিদেশ মন্ত্রক। জানা গেছে, যুদ্ধবিধ্বস্ত অঞ্চল থেকে এখন পর্যন্ত ৯৭৫ জনেরও বেশি ভারতীয় নাবিককে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে। একইসঙ্গে ভারতীয় রফতানিকারকদের লজিস্টিক সাপোর্ট ও বিশেষ প্যাকেজ দেওয়ার মাধ্যমে আন্তর্জাতিক বাজারে ভারতের বাণিজ্য ধরে রাখার চেষ্টা চলছে। আকাশপথে যাত্রী যাতায়াত পরিষেবাও ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে সরকারের উচ্চপর্যায়ের বৈঠকে জানানো হয়েছে।