রান্নার গ্যাস সংকটে স্বস্তি ফেরাতে বড় পদক্ষেপ প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে রেশনের কেরোসিন চালুর দাবি

দেশজুড়ে রান্নার গ্যাসের তীব্র সংকটের জেরে বিকল্প জ্বালানি হিসেবে কেরোসিন সরবরাহ বৃদ্ধির জোরালো দাবি উঠল। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিল রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠন ‘অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন’। সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানিয়েছেন, বর্তমান সংকটকালীন পরিস্থিতিতে রেশন ব্যবস্থার মাধ্যমে কম দামে কেরোসিন সরবরাহ পুনরায় সচল করা অত্যন্ত জরুরি। এতে আমজনতার জ্বালানি সমস্যা অনেকটাই লাঘব হবে। চিঠিতে কেরোসিন সরবরাহের পাশাপাশি রেশন ডিলারদের বকেয়া আর্থিক দাবিদাওয়া নিয়েও প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে।
উল্লেখ্য, কেন্দ্র সরকার গত কয়েক বছর ধরে রেশনে কেরোসিনের ভরতুকি বন্ধ করার পাশাপাশি রাজ্যগুলির বরাদ্দ কমিয়ে দিচ্ছে। পশ্চিমবঙ্গ আইনি লড়াই চালিয়ে কেরোসিন বজায় রাখলেও কেন্দ্রের নির্দেশে মাসিক বরাদ্দ ৫৮ হাজার কিলোলিটার থেকে কমে ১৯ হাজার কিলোলিটারে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে, আরব দুনিয়া থেকে তরল প্রাকৃতিক গ্যাস সরবরাহ বন্ধ হওয়ায় এলপিজি সংকট তৈরি হলেও কেরোসিনের ক্ষেত্রে সেই সমস্যা নেই। ভারতের তৈল শোধনাগারগুলিতে অপরিশোধিত তেল থেকে সহজেই কেরোসিন উৎপাদন বাড়ানো সম্ভব। দেশে পর্যাপ্ত খনিজ তেলের মজুত এবং রাশিয়া থেকে আমদানি সচল থাকায় কেন্দ্র ইচ্ছা করলেই রান্নার বিকল্প জ্বালানি হিসেবে কেরোসিন সরবরাহ করতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।