রামপুরহাটে ছাগল দেওয়ার নামে মহিলাদের দিয়ে ভোট প্রচারের অভিযোগ, উত্তপ্ত বীরভূম

বীরভূমের রামপুরহাটে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সরকারি প্রকল্পের ছাগল দেওয়ার প্রলোভন দেখিয়ে শাসকদলের মিছিলে শামিল করার অভিযোগ উঠেছে। রবিবার রামপুরহাট ১ নম্বর ব্লক এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ, তৃণমূল প্রার্থী আশিস বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে ভোট প্রচারে না বেরোলে সরকারি সুবিধা বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে স্থানীয় মহিলাদের।
কুসুম্বা অঞ্চলের রামরামপুর গ্রামের মহিলাদের দাবি, ব্লক প্রাণী সম্পদ বিকাশ দফতরে তাঁদের ডাকা হলেও ছুটির দিনে সরকারি অফিস বন্ধ থাকায় পাশের তৃণমূল কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের জানানো হয় যে, ভোট প্রচারের হাজিরা দিলে তবেই বিনামূল্যে ছাগল ও অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা মিলবে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই বীরভূম জেলা বিজেপি নেতৃত্বের দাবি, জনভিত্তি হারিয়ে তৃণমূল এখন প্রলোভন দেখিয়ে মহিলাদের জোর করে মিছিলে নামানোর চেষ্টা করছে।
অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূলের পক্ষ থেকে একে বিজেপির চক্রান্ত বলে দাবি করা হয়েছে। কুসুম্বা অঞ্চলের তৃণমূল সভাপতি রুদ্র প্রসাদ সেনগুপ্ত জানিয়েছেন, দলের ভাবমূর্তি নষ্ট করতেই ভিত্তিহীন অভিযোগ তুলে নাটক সাজানো হয়েছে। এই বিতর্কের জেরে সংশ্লিষ্ট এলাকায় রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে এবং শাসকদলের পক্ষ থেকে পালটা প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে।