রামপুরহাটে ‘ডাইনি’ অপবাদে আদিবাসী বৃদ্ধাকে কুপিয়ে খুন, গ্রেপ্তার ৫

রামপুরহাটে ‘ডাইনি’ অপবাদে আদিবাসী বৃদ্ধাকে কুপিয়ে খুন, গ্রেপ্তার ৫

বীরভূমের রামপুরহাটে ‘ডাইনি’ অপবাদে এক আদিবাসী বৃদ্ধাকে নৃশংসভাবে খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম চুড়কি হেমব্রম। অভিযোগ, শুক্রবার সন্ধ্যায় ময়ূরেশ্বরের বেলিয়া আদিবাসী পাড়ায় প্রতিবেশী শিবলাল কিসকুর বাড়িতে গেলে বচসা শুরু হয়। সেই সময় বৃদ্ধাকে ভারী বস্তু দিয়ে আঘাত ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ।

ঘটনার খবর পেয়ে ময়ূরেশ্বর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রক্তারত দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। রাতেই গ্রামে তল্লাশি অভিযান চালিয়ে মূল অভিযুক্ত শিবলাল কিসকু, তার স্ত্রী ও দুই ছেলেসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত শিবলাল পুলিশের কাছে খুনের কথা স্বীকার করে দাবি করেছে যে, ওই বৃদ্ধা ‘ডাইনি’ ছিলেন।

এই মর্মান্তিক ঘটনার পর থেকেই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং নতুন করে অশান্তি এড়াতে গ্রামে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশ খুনে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করেছে এবং ধৃতদের রবিবার আদালতে তোলা হয়। অন্ধবিশ্বাসের জেরে এমন নারকীয় হত্যাকাণ্ডে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *