রায়দিঘিতে বিজেপি কর্মীর গলাকাটা দেহ উদ্ধার ঘিরে লঙ্কাকাণ্ড

রায়দিঘিতে বিজেপি কর্মীর গলাকাটা দেহ উদ্ধার ঘিরে লঙ্কাকাণ্ড

নির্বাচনী উত্তাপের মাঝেই রণক্ষেত্র দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি। মেনা গ্রামে বিজেপি কর্মী কিশোর মাঝির নৃশংস খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কিশোরের গলা কেটে দেয় আততায়ীরা। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে শুরু হয়েছে চরম রাজনৈতিক তর্জমা। গেরুয়া শিবিরের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার জেরেই তাদের সক্রিয় কর্মীকে খুন করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। পাল্টা অভিযোগে শাসক দল জানিয়েছে, এটি বিজেপির অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের ফল।

তবে ঘটনার মোড় ঘুরিয়ে দিয়েছে পুলিশের প্রাথমিক তদন্ত। তদন্তকারীদের দাবি, এই খুনের নেপথ্যে রয়েছে পরকীয়া ও ত্রিকোণ প্রেম। অভিযোগ উঠেছে, স্ত্রী অনিমা দাস তাঁর প্রেমিক গোবিন্দ হালদারের সঙ্গে মিলে স্বামী কিশোরকে সরিয়ে দেওয়ার ছক কষেছিলেন। রাতেই কিশোরকে ফোনে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়। ইতিমধ্যেই অভিযুক্ত স্ত্রী ও তাঁর প্রেমিককে আটক করেছে পুলিশ। রাজনৈতিক খুন নাকি বিবাহবহির্ভূত সম্পর্কের জের, সেই রহস্যভেদে দেহ ময়নাতদন্তে পাঠিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ চালাচ্ছে রায়দিঘি থানার পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *