রাশিয়া থেকে তেল কিনতে ভারতকে বিশেষ ছাড় দিল আমেরিকা

রাশিয়া থেকে তেল কিনতে ভারতকে বিশেষ ছাড় দিল আমেরিকা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মাঝে ভারতের জন্য বড় সিদ্ধান্ত নিল আমেরিকা। আগামী ৩০ দিনের জন্য রাশিয়া থেকে তেল কেনার ক্ষেত্রে ভারতকে বিশেষ সাময়িক ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে হোয়াইট হাউস। তবে এই সিদ্ধান্তে রাশিয়ার খুব একটা আর্থিক লাভ হবে না বলে দাবি করেছেন হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে লেভিট জানান, ভারত একটি দায়িত্বশীল দেশ এবং সব সময় ইতিবাচক সম্পর্ক বজায় রেখেছে। মূলত বিশ্ববাজারে তেলের সরবরাহ স্থিতিশীল রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, এই সিদ্ধান্তের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এবং জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সবার সম্মতিক্রমেই ভারতকে এই সাময়িক স্বস্তি দেওয়ার অনুমোদন মিলেছে।

হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধের কারণে বিশ্বজুড়ে তেলের সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। সেই পরিস্থিতি সামাল দিতেই ভারতকে এই অনুমতি দেওয়া হয়েছে। এর আগে আমেরিকা যখন ভারতকে রুশ তেল কিনতে নিষেধ করেছিল, তখন ভারত সেই সিদ্ধান্তকে সম্মান জানিয়েছিল। লেভিটের মতে, যে তেল ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছে তা আগেই সমুদ্রপথে পাঠানো হয়েছিল, তাই এতে ক্রেমলিনের বিশেষ কোনো আর্থিক মুনাফা হওয়ার সুযোগ নেই।

চলতি মাসের শুরুতেই মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ভারতের দায়িত্বশীল আচরণের প্রশংসা করেছিলেন। তিনি জানিয়েছিলেন, ভারত আমেরিকার তেলের ওপর নির্ভর করার পরিকল্পনা করলেও বিশ্ববাজারের বর্তমান সংকটের কথা মাথায় রেখেই তাদের রাশিয়ার থেকে তেল সংগ্রহের অনুমতি দেওয়া হয়েছে। মূলত মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির কারণে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলাই এখন ওয়াশিংটনের প্রধান লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *