রাষ্ট্রপতিকে অপমান ও প্রোটোকল লঙ্ঘন, তৃণমূলের বিরুদ্ধে দিল্লিতে সরব প্রধানমন্ত্রী

রবিবাসরীয় দুপুরে দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ‘অপমান’ করার অভিযোগে তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, একজন আদিবাসী মহিলা রাষ্ট্রপতিকে আসাম্মান করা মানে দেশের সংবিধান ও গণতান্ত্রিক পরম্পরাকে আঘাত করা। পশ্চিমবঙ্গের মানুষ এই ‘অহঙ্কারী রাজনীতি’র যোগ্য জবাব দেবে বলে তিনি হুঁশিয়ারি দেন। প্রধানমন্ত্রীর মতে, রাষ্ট্রপতির অনুষ্ঠান বর্জন করে তৃণমূল কেবল সাঁওতাল জনজাতি নয়, সমগ্র নারী সমাজকেও অপমান করেছে।
রাষ্ট্রপতির বঙ্গ সফরকে কেন্দ্র করে একাধিক প্রশাসনিক গাফিলতি ও প্রোটোকল লঙ্ঘনের অভিযোগও সামনে এসেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দাবি, নীল নকশা বা ‘ব্লু বুক’ অনুযায়ী রাষ্ট্রপতির আগমনের সময় মুখ্যমন্ত্রী বা উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতি বাধ্যতামূলক থাকলেও তা মানা হয়নি। এমনকি অনুষ্ঠানস্থলে শৌচাগারে জলের অভাব এবং রাস্তার অব্যবস্থাপনা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে কেন্দ্র। এই বিষয়ে রাজ্যের মুখ্যসচিবের কাছে দ্রুত বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে।
অন্যদিকে, উত্তরবঙ্গে আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলনে যোগ দিয়ে রাষ্ট্রপতি নিজেও রাজ্য প্রশাসনের অসহযোগিতা নিয়ে আক্ষেপ প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘ছোট বোন’ সম্বোধন করেও তিনি জানান, বাংলায় জনজাতিরা প্রকৃত সরকারি সুবিধা পাচ্ছেন কি না তা নিয়ে তাঁর সন্দেহ রয়েছে। পাল্টায় মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ অস্বীকার করে দাবি করেন, রাষ্ট্রপতি বিজেপির রাজনৈতিক ফাঁদে পা দিয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে রাজ্য ও কেন্দ্রের মধ্যে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে।