রাষ্ট্রপতির অবমাননা, তৃণমূল সরকারকে কড়া ভাষায় বিঁধলেন প্রধানমন্ত্রী মোদী

পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের বিরুদ্ধে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অপমানের অভিযোগ তুলে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি রাষ্ট্রপতির মন্তব্যের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পালটা প্রতিক্রিয়ার পর এই বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। মোদী জানান, দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদের প্রতি এই আচরণ অত্যন্ত লজ্জাজনক এবং নজিরবিহীন। এটি আদিবাসী সম্প্রদায়ের ক্ষমতায়ন ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর আঘাত বলে তিনি দাবি করেন।
প্রধানমন্ত্রী আরও অভিযোগ করেন যে, পশ্চিমবঙ্গ সরকার সাঁওতাল সংস্কৃতি ও রাষ্ট্রপতির পদের গরিমাকে যথাযথ সম্মান দিতে ব্যর্থ হয়েছে। তাঁর মতে, তৃণমূল প্রশাসন সমস্ত সীমা অতিক্রম করেছে এবং রাষ্ট্রপতির ক্ষোভ ভারতের সাধারণ মানুষকে ব্যথিত করেছে। তিনি আশা প্রকাশ করেন যে, রাজ্য সরকারের শুভবুদ্ধি উদয় হবে এবং রাজনীতির ঊর্ধ্বে উঠে এই পদের মর্যাদা রক্ষা করা হবে।
অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন যে বিজেপি রাজনৈতিক উদ্দেশ্যে রাষ্ট্রপতিকে ব্যবহার করছে। ধর্মতলার ধর্নামঞ্চ থেকে তিনি সাফ জানান, বিজেপির অ্যাজেন্ডা বাস্তবায়নের জন্যই রাষ্ট্রপতিকে দিয়ে এসব বলানো হচ্ছে। আন্তর্জাতিক সাঁওতাল কনফারেন্স সংক্রান্ত জটিলতার দায় ঝেড়ে ফেলে মুখ্যমন্ত্রী পাল্টা প্রশ্ন তোলেন যে, রাজনৈতিক ব্যস্ততার মাঝে বারবার প্রোটোকল রক্ষা করা সব সময় সম্ভব নয়।