রাষ্ট্রপতির বঙ্গ সফরে নিরাপত্তা ও প্রোটোকল লঙ্ঘনের অভিযোগে কেন্দ্র-রাজ্য সংঘাত তুঙ্গে

রাষ্ট্রপতির বঙ্গ সফরে নিরাপত্তা ও প্রোটোকল লঙ্ঘনের অভিযোগে কেন্দ্র-রাজ্য সংঘাত তুঙ্গে

উত্তরবঙ্গ সফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর প্রোটোকল লঙ্ঘন ও নিরাপত্তা ত্রুটি নিয়ে নজিরবিহীন প্রশাসনিক সংঘাত তৈরি হয়েছে কেন্দ্র ও রাজ্যের মধ্যে। রাষ্ট্রপতির আসাম্মানের অভিযোগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ইতিমধ্যে শিলিগুড়ির পুলিশ কমিশনার এবং দার্জিলিংয়ের জেলাশাসককে ডেপুটেশনে তলব করেছে। রাষ্ট্রপতি নিজেই রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পর অমিত শাহের মন্ত্রক এই কঠোর পদক্ষেপ গ্রহণ করল।

দিল্লির রিপোর্টে মূলত পাঁচটি গুরুতর গাফিলতি চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে অনুষ্ঠানের স্থান বদল, রুটে অপর্যাপ্ত নিরাপত্তা ও ব্যারিকেডিং, রাস্তার অপরিচ্ছন্নতা এবং পুরনো কার্পেটের ব্যবহার। এছাড়া রাষ্ট্রপতির অনুষ্ঠানে সিংহভাগ আসন খালি থাকা এবং স্থানীয় পুলিশ প্রশাসনের অসহযোগিতার বিষয়টিও রিপোর্টে উঠে এসেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতি এবং প্রোটোকল অনুযায়ী পদস্থ আধিকারিকদের অভাব নিয়ে ক্ষুব্ধ কেন্দ্র।

নবান্নের পক্ষ থেকে মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবকে ব্যাখ্যা দিলেও দিল্লি তাতে সন্তুষ্ট নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনাকে ‘লজ্জাজনক’ আখ্যা দেওয়ায় বিতর্ক আরও ঘনীভূত হয়েছে। সংশ্লিষ্ট মহলের ধারণা, দুই আধিকারিককে তলব করার পর পরবর্তী ধাপে রাজ্যের মুখ্যসচিব ও ডিজিপি-কেও কৈফিয়তের মুখে পড়তে হতে পারে। পরিস্থিতির গুরুত্ব বিচার করে এই সংঘাত সুদূরপ্রসারী হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *