রাষ্ট্রপতির সফর ঘিরে প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ, রাজ্যের কাছে রিপোর্ট তলব স্বরাষ্ট্র মন্ত্রকের

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পশ্চিমবঙ্গ সফরে প্রোটোকল লঙ্ঘন ও নিরাপত্তা সংক্রান্ত অব্যবস্থার অভিযোগে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সংঘাত চরম আকার নিয়েছে। উত্তরবঙ্গ সফরে রাষ্ট্রপতির যাত্রাপথ পরিবর্তন এবং সঠিক ব্যবস্থাপনার অভাব নিয়ে উষ্মা প্রকাশ করেছেন খোদ দেশের প্রথম নাগরিক। এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তীব্র নিন্দা জানিয়ে একে সাংবিধানিক মর্যাদার অবমাননা বলে অভিহিত করেছেন।
পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রবিবারই কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব পশ্চিমবঙ্গের মুখ্য সচিবকে চিঠি লিখে বিকেল ৫টার মধ্যে বিস্তারিত রিপোর্ট তলব করেছেন। বিশেষত, ব্লু বুক অনুযায়ী নিরাপত্তা বিধি অনুসরণ না করা, অভ্যর্থনায় মুখ্যমন্ত্রী বা উচ্চপদস্থ আধিকারিকদের অনুপস্থিতি এবং পরিকাঠামোগত ত্রুটির কারণ জানতে চাওয়া হয়েছে বলে সূত্রের খবর।
অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাবতীয় অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন যে রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো অবমাননা করা হয়নি। তাঁর দাবি, রাষ্ট্রপতি বারবার রাজ্যে এলে প্রতিটি অনুষ্ঠানে উপস্থিত থাকা সবসময় সম্ভব নয়। পাশাপাশি অনুষ্ঠানের সূচি সম্পর্কে সঠিক তথ্যের অভাব ছিল বলেও পালটা দাবি করেছেন তিনি। বিষয়টি নিয়ে বর্তমানে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।