রাষ্ট্রপতি শাসন জারি হলে কী হয়? একদিনে কি বদলে যায় সাধারণ মানুষের জীবন!

ভারতীয় সংবিধানের ৩৫৬ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো রাজ্যের প্রশাসনিক বা সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়লে রাজ্যপালের সুপারিশে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। সাম্প্রতিক সময়ে মহারাষ্ট্র ও মণিপুরের মতো রাজ্যগুলিতে এই ধারার প্রয়োগ দেখা গেছে। এই বিশেষ পরিস্থিতিতে সংশ্লিষ্ট রাজ্যের বিধানসভা ভেঙে দেওয়া হয় বা স্থগিত রাখা হয় এবং সরাসরি কেন্দ্রের শাসন প্রতিষ্ঠিত হয়।
রাষ্ট্রপতি শাসন জারি হলে রাজ্যের সমস্ত প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা রাষ্ট্রপতির অধীনে চলে যায় এবং রাজ্যপাল তাঁর প্রতিনিধি হিসেবে শাসনকার্য পরিচালনা করেন। এই ব্যবস্থা কার্যকরের দুই মাসের মধ্যে সংসদের অনুমোদন প্রয়োজন হয় এবং এটি সর্বোচ্চ তিন বছর পর্যন্ত বজায় থাকতে পারে। তবে রাষ্ট্রপতি চাইলে যেকোনো সময় এই শাসন প্রত্যাহার করতে পারেন।
প্রশাসনিক পট পরিবর্তন হলেও সাধারণ নাগরিক জীবনে এর সরাসরি কোনো নেতিবাচক প্রভাব পড়ে না। এই সময় আমজনতার মৌলিক অধিকারগুলো সম্পূর্ণ অক্ষুণ্ণ থাকে। এছাড়া, রাষ্ট্রপতি শাসনের যৌক্তিকতা নিয়ে আইনি প্রশ্ন উঠলে আদালত ‘জুডিশিয়াল রিভিউ’ বা বিচার বিভাগীয় পর্যালোচনার মাধ্যমে হস্তক্ষেপ করতে পারে, যা গণতান্ত্রিক ভারসাম্য বজায় রাখে।