রাস্তায় কুড়িয়ে পেল লক্ষাধিক টাকা ভরা ব্যাগ, ৯ বছরের শিশুর কাঁদে অবাক হবেন আপনিও
March 11, 20269:35 am

মুর্শিদাবাদের সামসেরগঞ্জে মানবিকতার এক অনন্য নজির স্থাপন করল তৃতীয় শ্রেণির ছাত্র মেহেদি হাসান। ধুলিয়ানের সংহতি উদ্যান পার্কের সামনে রাস্তা থেকে ১ লক্ষ ৪৫ হাজার টাকা ভর্তি একটি ব্যাগ কুড়িয়ে পায় ৯ বছরের এই শিশু। এত টাকা দেখেও লোভ না করে সে দ্রুত স্থানীয় সামসেরগঞ্জ থানায় গিয়ে ব্যাগটি জমা দেয়। শিশুর এই সততা দেখে বিস্মিত ও অভিভূত পুলিশ প্রশাসন।
ব্যাগের ভেতর থাকা পাসবুকের সূত্র ধরে ফারাক্কার বাসিন্দা প্রকৃত মালিক জাকির হোসেনকে খুঁজে বের করেন আইসি সুব্রত ঘোষ। পরে পুলিশের উপস্থিতিতে টাকাভর্তি ব্যাগটি মালিকের হাতে তুলে দেওয়া হয়। বিড়ি শ্রমিকদের মজুরি দেওয়ার জন্য তোলা এই টাকা ফিরে পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন মালিক। মেহেদির এমন নিঃস্বার্থ কর্মকাণ্ডে এলাকায় প্রশংসার জোয়ার বইছে।