রাহুল গান্ধীর সেই চোখ মারা নিয়ে শাহের চরম কটাক্ষের মধ্যেই লোকসভায় টিঁকে গেলেন স্পিকার ওম বিড়লা

রাহুল গান্ধীর সেই চোখ মারা নিয়ে শাহের চরম কটাক্ষের মধ্যেই লোকসভায় টিঁকে গেলেন স্পিকার ওম বিড়লা

লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব প্রত্যাশামতোই ভোটাভুটিতে খারিজ হয়ে গেল। মঙ্গলবার থেকে চলা দীর্ঘ বিতর্ক ও আলোচনার পর ধ্বনিভোটের মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভার দায়িত্বে থাকা বর্ষীয়ান বিজেপি সাংসদ জগদম্বিকা পাল ভোটাভুটির ফল ঘোষণা করেন, যেখানে বিরোধী শিবির পরাজিত হওয়ায় স্পিকার পদে বহাল থাকছেন ওম বিড়লাই।

তবে এই ভোটাভুটি ঘিরে গত দুই দিন ধরে উত্তপ্ত ছিল সংসদ। বিতর্কে অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সরাসরি আক্রমণ করেন বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে। শাহ বলেন, যারা স্পিকারের আচরণ নিয়ে প্রশ্ন তুলছেন, তাদের মনে রাখা উচিত তাদের ‘সুপ্রিম লিডার’ সংসদে এসে চোখ মারেন এবং প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরেন। স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যকে প্ররোচনামূলক আখ্যা দিয়ে বিরোধীরা ওয়েলে নেমে বিক্ষোভ দেখান এবং শাহের ক্ষমা প্রার্থনা দাবি করেন। পাল্টা জবাবে অমিত শাহ জানান, তাঁর কোনো মন্তব্য সংসদীয় আচরণের পরিপন্থী হলে তা যেন রেকর্ড থেকে বাদ দেওয়া হয়।

এর আগে অনাস্থা প্রস্তাবের পক্ষে বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী অভিযোগ করেন, সংসদে তাঁকে বারবার বাধা দেওয়া হচ্ছে। তিনি দাবি করেন, প্রধানমন্ত্রীর বিভিন্ন আপস বা স্পর্শকাতর ফাইল নিয়ে কথা বলতে গেলেই তাঁকে চুপ করিয়ে দেওয়া হয়। রাহুল গান্ধীর এই অভিযোগের তীব্র বিরোধিতা করে বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ বলেন, শুধুমাত্র একজন নেতার ব্যক্তিগত অহং চরিতার্থ করার জন্যই এই অনাস্থা প্রস্তাব আনা হয়েছে, যার কোনো ভিত্তি নেই।

শেষপর্যন্ত প্রবল হট্টগোলের মধ্যেই অমিত শাহ জানান, স্পিকার দলীয় রাজনীতির ঊর্ধ্বে এবং তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা মানে গণতন্ত্রকে অপমান করা। তুমুল বিক্ষোভের মাঝেই ধ্বনিভোটে বিরোধীদের প্রস্তাব খারিজ হয়ে যায় এবং স্পিকার হিসেবে নিজের ক্ষমতা ধরে রাখেন ওম বিড়লা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *