রাহুল মৃত্যুর প্রতিবাদে উত্তাল টলিউড, ম্যাজিক মোমেন্টসের দুই ধারাবাহিক ছাড়লেন অম্বরীশ ভট্টাচার্য

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোক ও প্রতিবাদ জানিয়ে বড় সিদ্ধান্ত নিলেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য। অভিযুক্ত প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর দুটি জনপ্রিয় ধারাবাহিক ‘চিরসখা’ এবং ‘ভোলে বাবা পার করেগা’ থেকে সরে দাঁড়ানোর কথা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন তিনি। বন্ধুর অকাল প্রয়াণে শোকস্তব্ধ অম্বরীশ স্পষ্ট জানিয়েছেন, যে স্টুডিওতে দিনের পর দিন রাহুলের সঙ্গে সময় কাটিয়েছেন, সেখানে ফিরে গিয়ে অভিনয় করা বর্তমানে তাঁর পক্ষে মানসিকভাবে আসাম্ভব।
গত ২৯ মার্চ শুটিং চলাকালীন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় রাহুলের। দুর্ঘটনার কিছু সময় আগেই অম্বরীশ নিজের অংশের শুটিং শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। অভিনেতা জানান, ঘটনার ঠিক আগের দিনও রাহুল তাঁকে একটি বই উপহার দিয়েছিলেন এবং তাঁরা দীর্ঘ সময় একই মেকআপ রুমে কাটাতেন। সেই স্মৃতি এবং শোক সামলে উঠতে না পেরে এবং পরিকাঠামোগত নিরাপত্তার অভাবের প্রতিবাদে তিনি কাজ ছাড়ার এই কঠিন পদক্ষেপ নিয়েছেন। এতদিন কোনো প্রকাশ্য মিছিলে তাঁকে দেখা না গেলেও, এই সিদ্ধান্তের মাধ্যমে তিনি নিজের ব্যক্তিগত প্রতিবাদ নথিভুক্ত করলেন।
টলিউডে নিরাপত্তার অভাব ও দায়িত্বজ্ঞানহীনতার প্রশ্নেও সরব হয়েছেন অম্বরীশ। দুর্ঘটনার পর বিভিন্ন পক্ষ থেকে আসা পরস্পরবিরোধী বিবৃতিতে তিনি চরম ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁর মতে, এমন স্পর্শকাতর বিষয়ে আরও সংবেদনশীল ও সতর্ক হওয়া উচিত ছিল। এই ঘটনার যথাযথ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তিনি বলেন, শুটিং সেটে সঠিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত এবং এই পরিস্থিতির আমূল পরিবর্তন না আসা পর্যন্ত কাজ চালিয়ে যাওয়া সম্ভব নয়। পেশাদারিত্বের ঊর্ধ্বে উঠে বন্ধুর প্রতি ভালোবাসাই তাঁর এই মৌন কিন্তু জোরালো প্রতিবাদের মূল ভিত্তি।