রাহুল সিনহার হলফনামায় অসঙ্গতির অভিযোগ, নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল

রাহুল সিনহার হলফনামায় অসঙ্গতির অভিযোগ, নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল

রাজ্যসভার বিজেপি প্রার্থী রাহুল সিনহার মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, প্রার্থীর জমা দেওয়া হলফনামায় (ফর্ম-২৬) একাধিক গুরুত্বপূর্ণ তথ্য গোপন করা হয়েছে এবং আর্থিক বিবৃতিতে গুরুতর অসঙ্গতি রয়েছে। শাসকদলের দাবি, স্ক্রুটিনি প্রক্রিয়ার সময় এই ত্রুটিগুলি রিটার্নিং অফিসারের নজরে আনা হলেও যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি।

তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, রাহুল সিনহার স্থাবর-অস্থাবর সম্পত্তি, যানবাহন, বিনিয়োগ এবং দেনা-পাওনা সংক্রান্ত তথ্যে অস্পষ্টতা রয়েছে। বিশেষ করে মনোনয়নের ২৬ নম্বর ক্লজে দেওয়া তথ্যের মধ্যে স্পষ্ট গরমিল থাকার দাবি তুলেছে তারা। এই ইস্যুতে সরব হয়ে তৃণমূল কংগ্রেস তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নির্বাচন কমিশনকে দেওয়া অভিযোগপত্রের প্রতিলিপিও প্রকাশ করেছে।

শাসকদলের আরও অভিযোগ, মূল স্ক্রুটিনি প্রক্রিয়া প্রায় শেষ হওয়ার পর একটি সংশোধিত হলফনামা সামনে আনা হয়, যা আগে জনসমক্ষে প্রকাশ করা হয়নি। নিয়ম বহির্ভূতভাবে এই মনোনয়ন গ্রহণ করা হয়েছে দাবি করে তৃণমূল এই প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে। রাজ্যসভার এই হাই-প্রোফাইল নির্বাচনকে কেন্দ্র করে বর্তমানে বিজেপি ও তৃণমূলের মধ্যে আইনি ও রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *