রিপোর্ট কার্ড হাতে ‘দুয়ারে’ প্রার্থী অতীন ঘোষ: গত পাঁচ বছরের কাজের খতিয়ান নিয়ে জোরকদমে প্রচার

কাশীপুর-বেলগাছিয়া বিধানসভা এলাকায় ভোটপ্রচারে অভিনব কৌশল নিলেন তৃণমূল প্রার্থী তথা বিদায়ী বিধায়ক অতীন ঘোষ। রবিবার হুডখোলা গাড়িতে চড়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে প্রচারের পাশাপাশি ভোটারদের হাতে তুলে দিচ্ছেন বিশেষ ‘রিপোর্ট কার্ড’। গত পাঁচ বছরে তাঁর এলাকায় কী কী উন্নয়নমূলক কাজ হয়েছে এবং কোথায় কত টাকা ব্যয় হয়েছে, তার পুঙ্খানুপুঙ্খ তথ্য সম্বলিত এই বুকলেটটি তৈরি করা হয়েছে।
এই রিপোর্ট কার্ডে ১ থেকে ৪ নম্বর ওয়ার্ডের নিকাশি ব্যবস্থার আমূল পরিবর্তন এবং ২৮ কোটি টাকা ব্যয়ে বীরপাড়া পাম্পিং স্টেশন থেকে চিড়িয়ামোড় পর্যন্ত পাইপলাইন স্থাপনের বিবরণ দেওয়া হয়েছে। এছাড়া ২৬টি রাস্তার সংস্কার, নিকাশি নালার আধুনিকীকরণ এবং ৩ নম্বর ওয়ার্ডে বিশাল কমিউনিটি হল তৈরির তথ্যও উল্লেখ রয়েছে। প্রতিটি ওয়ার্ডে নতুন স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ ও জনকল্যাণমূলক প্রকল্পের সাফল্যকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রচার চলাকালীন ‘জয় বাংলা’ স্লোগানে মুখরিত হয় গোটা এলাকা। অতীন ঘোষ কেবল গত পাঁচ বছরের সাফল্যের খতিয়ানই তুলে ধরছেন না, বরং আগামী পাঁচ বছরের জন্য নির্দিষ্ট কর্মপরিকল্পনাও লিফলেটের মাধ্যমে মানুষের সামনে রাখছেন। ভোটারদের প্রশ্ন করার সুযোগ দেওয়ার আগেই উন্নয়নের এই স্বচ্ছ হিসাব নিয়ে তাঁর ‘দুয়ারে’ পৌঁছানোর কৌশল রাজনৈতিক মহলে বেশ চর্চিত হচ্ছে।