রুশ তেল আমদানিতে অনড় ভারত, পশ্চিমি নিষেধাজ্ঞা উপেক্ষা করে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের বার্তা

রুশ তেল আমদানিতে অনড় ভারত, পশ্চিমি নিষেধাজ্ঞা উপেক্ষা করে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের বার্তা

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তজনা ও ইরান-ইজরায়েল সংঘাতের জেরে বিশ্ববাজারে তেলের দাম এক সপ্তাহে প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই অস্থিতিশীল পরিস্থিতিতে আমেরিকা রাশিয়ার ওপর থেকে সাময়িক নিষেধাজ্ঞা শিথিল করলেও, ভারত স্পষ্ট জানিয়েছে যে তেল আমদানির ক্ষেত্রে তারা কোনও দেশের অনুমতির তোয়াক্কা করবে না। কেন্দ্রীয় সরকারের মতে, দেশের স্বার্থে যেখানে সাশ্রয়ী মূল্যে জ্বালানি পাওয়া যাবে, সেখান থেকেই তেল সংগ্রহ করা হবে।

বর্তমানে রাশিয়া ভারতের বৃহত্তম অপরিশোধিত তেল সরবরাহকারী দেশ। ইউক্রেন যুদ্ধের আবহেও গত তিন বছর ধরে ভারত রাশিয়ার কাছ থেকে প্রতিযোগিতামূলক দামে তেল আমদানি অব্যাহত রেখেছে। দিল্লির পক্ষ থেকে জানানো হয়েছে, ভারত বর্তমানে ২৭টির পরিবর্তে ৪০টি দেশ থেকে তেল আমদানি করছে, যা যে কোনো সরবরাহ বিভ্রাট মোকাবিলায় সক্ষম। এছাড়া, ভারতের বার্ষিক ২৫৮ মিলিয়ন মেট্রিক টন তেল পরিশোধন ক্ষমতা অভ্যন্তরীণ চাহিদার তুলনায় অনেকটাই বেশি।

জ্বালানি মজুতের বিষয়ে আশ্বস্ত করে সরকার জানিয়েছে, বর্তমানে দেশে ২৫০ মিলিয়ন ব্যারেলের বেশি তেল ও পেট্রোলিয়াম পণ্য মজুত রয়েছে। এই মজুত দিয়ে দেশের প্রায় সাত থেকে আট সপ্তাহের চাহিদা অনায়াসে মেটানো সম্ভব। আমদানির পাশাপাশি পরিশোধিত জ্বালানি রফতানি করে ভারত বিশ্ববাজারে নিজের অবস্থান আরও মজবুত করছে। মার্কিন শুল্ক ছাড় বা কূটনৈতিক চাপ সত্ত্বেও ভারত নিজের সার্বভৌম জ্বালানি নীতিতে অটল থাকার বার্তা দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *