রুশ তেল কেনায় ভারতের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা আমেরিকার

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের আবহে বিশ্ববাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে ভারতকে বিশেষ সুবিধা দিল আমেরিকা। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, আগামী ৩০ দিনের জন্য রাশিয়া থেকে তেল আমদানিতে ভারতকে সাময়িক ছাড় দেওয়া হয়েছে। ভারতের পূর্ববর্তী ইতিবাচক ভূমিকার কথা মাথায় রেখে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে আলোচনার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মার্কিন প্রশাসনের মতে, ইরান সংকটের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে যে ঘাটতি তৈরি হয়েছে, তা মেটাতেই এই পদক্ষেপ। তবে এই বাণিজ্যের ফলে রাশিয়ার বিশেষ কোনো আর্থিক মুনাফা হবে না, কারণ আমদানিকৃত তেলের সিংহভাগই ইতিমধ্যে সমুদ্রপথে রয়েছে। আমেরিকা স্পষ্ট করেছে যে, ভারত আন্তর্জাতিক বিধি মেনে চলায় বন্ধুত্বের নিদর্শন হিসেবেই এই অস্থায়ী অনুমতি দেওয়া হয়েছে।