রেকর্ড গড়ে কলকাতায় পারদ পতন, ১১ ডিগ্রি নামল তাপমাত্রা, আজও বৃষ্টির পূর্বাভাস

চৈত্রের শুরুতেই অকাল বর্ষণে ওলটপালট কলকাতার আবহাওয়া। গত ২৪ ঘণ্টায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১১ ডিগ্রি কমে দাঁড়িয়েছে ২৩.২ ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রাও স্বাভাবিকের থেকে ৪.৪ ডিগ্রি কমে ১৯.২ ডিগ্রিতে নেমে আসায় এক ধাক্কায় অনেকটা বেড়েছে শীতের আমেজ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার সকাল পর্যন্ত শহরে প্রায় ১৯.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা ও সংলগ্ন এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বজায় থাকায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম কম থাকলেও বৃষ্টির কারণে স্যাঁতসেঁতে ভাব বজায় থাকবে শহর ও শহরতলিতে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলোতেও বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারসহ উত্তরের জেলাগুলোতে বজ্রবিদ্যুৎসহ মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম ও দুই মেদিনীপুরে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। রবিবারও দুই বঙ্গের একাধিক জেলায় এই দুর্যোগপূর্ণ আবহাওয়া অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *