রেলপথে বড় উপহার: পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে দুটি নতুন প্রকল্পের অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার

নির্বাচনের প্রাক্কালে পশ্চিমবঙ্গের রেল পরিকাঠামোয় বড়সড় উন্নয়নের ঘোষণা করল কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ মাল্টি-ট্র্যাকিং রেল প্রকল্পের অনুমোদন দিয়েছে। ‘পিএম গতি শক্তি’ মাস্টার প্ল্যানের অধীনে এই প্রকল্প দুটির মাধ্যমে দুই রাজ্যের শিল্পাঞ্চলগুলোর মধ্যে সংযোগ স্থাপন করা হবে। প্রধানমন্ত্রী নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
প্রকল্পের আওতায় সাঁইথিয়া-পাকুর এবং সাঁতরাগাছি-খড়গপুর সেকশনে চতুর্থ রেললাইন নির্মাণের কাজ শুরু হবে। এর ফলে ঝাড়খণ্ড থেকে বাংলায় খনিজ ও অন্যান্য পণ্য পরিবহণে গতি আসবে এবং সময় সাশ্রয় হবে। এই উদ্যোগের ফলে দুই রাজ্যের শিল্পক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।
প্রায় ১৯২ কিলোমিটার দীর্ঘ এই নতুন রেল পথ বাংলা ও ঝাড়খণ্ডের মোট পাঁচটি জেলাকে সংযুক্ত করবে। এই মেগা প্রকল্পের ফলে স্থানীয় স্তরে প্রচুর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আধুনিক রেল পরিষেবা ও উন্নত সংযোগ ব্যবস্থার মাধ্যমে সাধারণ মানুষ ও ব্যবসায়ী সমাজ বিশেষভাবে উপকৃত হবেন।