রেল যোগাযোগে বড় পদক্ষেপ: ৪,৪৭৪ কোটি ব্যয়ে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে বসছে নতুন লাইন

রেল যোগাযোগে বড় পদক্ষেপ: ৪,৪৭৪ কোটি ব্যয়ে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে বসছে নতুন লাইন

পশ্চিমবঙ্গের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক করতে বড়সড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। মঙ্গলবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেছেন যে, রাজ্যের পাঁচটি জেলা এবং ঝাড়খণ্ড মিলিয়ে প্রায় ১৯২ কিলোমিটার দীর্ঘ নতুন মাল্টিট্র্যাকিং প্রকল্প অনুমোদিত হয়েছে। এই মেগা প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৪,৪৭৪ কোটি টাকা এবং ২০৩০-৩১ সালের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

প্রকল্পের অধীনে মূলত সাঁইথিয়া-পাকুর এবং সাঁতরাগাছি-খড়্গপুর রুটে চতুর্থ রেললাইন স্থাপন করা হবে। বিশেষ করে সাঁতরাগাছি থেকে খড়্গপুর পর্যন্ত ১১১ কিলোমিটার অংশে নতুন লাইন তৈরি হলে কলকাতা থেকে মুম্বই ও চেন্নাইগামী ট্রেন চলাচল আরও দ্রুত হবে। এর ফলে হাওড়া-খড়্গপুর শাখায় অন্তত ৫০টি নতুন লোকাল ও এক্সপ্রেস ট্রেন চালানো সম্ভব হবে বলে আশা করছে রেল মন্ত্রক।

তবে এই উন্নয়নমূলক ঘোষণার মাঝেও ক্ষোভ প্রকাশ করেছেন নিত্যযাত্রীরা। তাঁদের অভিযোগ, বর্তমানে অত্যাধিক মালগাড়ি চলাচলের কারণে লোকাল ট্রেন পরিষেবা বিপর্যস্ত থাকছে। রেলমন্ত্রীর দাবি, নতুন লাইন চালু হলে ট্রেনের চাপ কমবে এবং বোলপুর-শান্তিনিকেতন ও তারাপীঠের মতো পর্যটন কেন্দ্রগুলির সঙ্গে সংযোগ আরও শক্তিশালী হবে। এই প্রকল্পের ফলে দীর্ঘমেয়াদী ভিত্তিতে যাত্রী ও পণ্য পরিবহনে আমূল পরিবর্তন আসবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *