রোগী দেখা নিয়ে রক্তারক্তি কাণ্ড এগরায়, চিকিৎসক ও কাউন্সিলরের হাতাহাতিতে রণক্ষেত্র এলাকা

রোগী দেখা নিয়ে রক্তারক্তি কাণ্ড এগরায়, চিকিৎসক ও কাউন্সিলরের হাতাহাতিতে রণক্ষেত্র এলাকা

পূর্ব মেদিনীপুরের এগরা পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে এক চিকিৎসকের চেম্বারে রোগী দেখাকে কেন্দ্র করে নজিরবিহীন অশান্তি ছড়াল। সোমবার সন্ধ্যায় চিকিৎসক তপেন্দু মান্নার প্রাইভেট চেম্বারে চিকিৎসা করাতে গিয়েছিলেন স্থানীয় কাউন্সিলর দেবদুর্লভ মাইতির স্ত্রী ও শাশুড়ি। পরিবারের দাবি, অসুস্থতা গুরুতর হওয়ায় তাঁরা দ্রুত রোগী দেখার অনুরোধ জানান। এই আর্জি ঘিরেই চিকিৎসকের সহকারীর সঙ্গে তাঁদের বচসা শুরু হয়।

পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে বুঝে ঘটনাস্থলে পৌঁছান কাউন্সিলর দেবদুর্লভ মাইতি। অভিযোগ, এরপরই উভয় পক্ষের মধ্যে চরম হাতাহাতি ও মারামারি শুরু হয়। কাউন্সিলর ও তাঁর পরিবারের দাবি, ওই চিকিৎসক মহিলাদের সঙ্গে অভব্য আচরণ করেছেন এবং খোদ কাউন্সিলরের গায়ে হাত তুলেছেন। এই ঘটনা জানাজানি হতেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়ে বিক্ষোভ শুরু করেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এগরা থানার পুলিশ। বর্তমানে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। প্রকৃত ঘটনা জানতে ওই চেম্বারের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। চিকিৎসকের পক্ষ থেকে এখনও এই বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *